শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নায়িকা ইয়ামিন হক ববি ভয়েস বিনোদন ডেস্ক:
সফল নায়িকা ইয়ামিন হক ববি। অনেক নায়িকার ভিড়ে স্বকীয় রাস্তা তৈরি করে নিয়েছেন। এখন অনেক নায়িকা যেখানে একেবারেই আলোচনার বাইরে, ববি সাম্প্রতিক সময়ে বেশকিছু কারণে আলোচিত। তবে শুধু বিতর্ক বা গুঞ্জন নয়, ভালো কাজের জন্যও আলোচনায় ববি। গ্ল্যামারাস চরিত্রে তার জুড়ি মেলা ভার। দেশ ছাড়িয়ে এবার তার গ্ল্যামার বিদেশেও স্বীকৃতি পেল। ভারতের ইন্ডাস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা গ্ল্যামারাস অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ববি। শুধু তাই নয়, সেরা সিনেমার পুরস্কার পেয়েছে শাকিব খান-ববি অভিনীত ‘নোলক’ সিনেমাটি। উৎসবের ফেইসবুক পেজে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল ছিল ববির জন্মদিন। আগেই জানা গিয়েছিল প্রযোজনায় ফিরছেন ববি। সেই সিনেমার ঘোষণার জন্য নিজের জন্মদিনকেই বেছে নিয়েছেন তিনি। এছাড়া গত বছর ‘মুক্তি’ নামে নতুন একটি সিনেমায় কাজের কথা জানিয়েছিলেন ববি।
ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাটি এ বছরের নারী মুক্তিও পাওয়ার কথা ছিল। ভক্তরা ভেবেছিলেন করোনার জন্য হয়তো সিনেমাটি আটকে আছে। কিন্তু সম্প্রতি পরিচালক একটি ছোট্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তি সিনেমার জন্য নতুন এক নায়িকাকে পরিচয় করিয়ে দেন। তাই একই সঙ্গে ববি পুরস্কার প্রাপ্তি, নতুন প্রযোজনার ঘোষণা ও মুক্তি সিনেমায় না থাকা নিয়ে আলোচনায়। সবকটি বিষয়ই খোলাসা করেছেন তিনি। ববি বলেন, ‘আমি জন্মদিন সেভাবে উদযাপন করি না। কিন্তু লকডাউনের এত দীর্ঘ সময়ে ঘরে একা থাকতে থাকতে খুব ক্লান্ত লাগছিল। তাই ভাবলাম কাছের মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিনটি উদযাপন করি। বনানীতে ‘নোলক’ সিনেমার প্রযোজক-পরিচালক শাকিব সনেটের ‘ঢাকাইয়া পাক্কী’ রেস্টুরেন্টে জন্মদিনের ছোট একটি অনুষ্ঠান করি। বিনোদন সাংবাদিকদের আমি সহকর্মী ভাবি। তাদের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক। তাই জন্মদিনে তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম।’
শুধু আনন্দ ভাগাভাগি নয়, জন্মদিনে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন ববি। সিনেমাটি নির্মিত হবে নায়িকা ববির প্রযোজনা সংস্থা ববস্টার ফিল্মসের ব্যানারে। ববি বলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম সিনেমার নাম ‘বিজলী’। এটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। নায়ক ছিলেন কলকাতার রণভীর। কল্পবিজ্ঞান বিষয়ক চলচ্চিত্রটিতে আমাকে দেখা গিয়েছিল সুপারহিরোর ভূমিকায়। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়। ইচ্ছা ছিল এর দ্বিতীয় কিস্তি নিয়ে আবার প্রযোজনায় ফিরব। কিন্তু এখন পরিকল্পনা কিছুটা বদলে গেছে। তাই একেবারেই নতুন ধাঁচের মৌলিক গল্পের একটি সিনেমা দিয়ে প্রযোজনায় ফিরছি।’
‘মুক্তি’ সিনেমাটিতে নতুন নায়িকা নেওয়া হয়েছে। আপনি কি সিনেমাটিতে আছেন? নাকি অন্য একটি চরিত্রে রাজ রিপাকে নেওয়া হয়েছে? জানতে চাইলে ববি বলেন, ‘আমি নিজেও বিষয়টি দেখে অবাক হয়েছি। এই সিনেমার নামটিও আমার দেওয়া। শুধু তাই নয়, সিনেমাটির গল্পের সঙ্গেও আমি জড়িত। যেহেতু ইফতেখার চৌধুরীর সঙ্গে আমার অনেক কাজ হয়েছে, তাই শুধু নায়িকা হিসেবে যে দায়িত্ব তার চেয়ে অনেক বেশি দায়িত্ব আমি পালন করি। কিন্তু আমাকে না বলেই তিনি আমাকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়েছেন। এটা খুবই বাজে অভিজ্ঞতা। অভিনেত্রী হিসেবে আমি না থাকি, অন্তত যে সিনেমার নাম দেওয়া থেকে শুরু করে গল্পের কাজেও আমি জড়িত ছিলাম, সেই কাজটির এমন একটি সিদ্ধান্ত নেওয়ার সময় অন্তত আমার পরামর্শ বা অনুমতি নেওয়া উচিত ছিল।’
এতে কি ইফতেখার চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হলো? এ প্রশ্নের জবাবে ববি বলেন, ‘আমি শোবিজে ব্যক্তিগত সম্পর্ক রাখি না। কিন্তু যদি কারও জন্যে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্পর্কে নিশ্চয়ই এক ধরনের দূরত্ব তৈরি হয়।’
লকডাউনের পর অনেক তারকাই শ্যুটিংয়ে ফেরার জন্য মুখিয়ে আছেন। ববি কবে ফিরবেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো করোনায় আক্রান্ত হয়েছিলাম। রোগমুক্তি হলেও শরীর এখনো বেশ দুর্বল। তাই কাজে ফিরতে একটু দেরি হচ্ছে। পরিচালক সৈকত নাসির বলেছিলেন তার আকবর সিনেমাটি দিয়ে শ্যুটিংয়ে ফিরতে। দেখা যাক কী হয়। এই সিনেমা দিয়েও ফিরতে পারি, আবার নতুন কোনো সিনেমারও ঘোষণা দিতে পারি।’ সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।