মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বপালন করে যাওয়া কোর্টনি ওয়ালশ এবার স্বদেশ ওয়েস্ট ইন্ডিজেই বড় দায়িত্ব পেলেন। ক্যারিবীয় নারী দলের প্রধান কোচ হয়েছে নিয়োগ পেয়েছেন সাবেক তারকা এই পেসার।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক বিবৃতিতে নারী দলের প্রধান কোচ হিসেবে ওয়ালশকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, উইন্ডিজ নারী দলের প্রস্তুতি ও উন্নয়নে অন্তত ২০২২ সালের শেষ পর্যন্ত কাজ করবেন ওয়ালশ।
কিংবদন্তি এই পেসার এর আগে স্বল্প মেয়াদে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচিং স্টাফে দায়িত্ব পালন করেছেন। করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলকে প্রস্তুত করার কাজেও যুক্ত ছিলেন তিনি। এর আগে বাংলাদেশ জাতীয় দলে লম্বা সময় বোলিং কোচ হিসেবে দায়িত্বপালন করেন ওয়ালশ।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ৫৭ বছর বয়সী ওয়ালশ বলেন, “ওয়েস্ট ইন্ডিজের খেলার উন্নতির জন্য যেকোনোভাবে আমি আমার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। দলের মধ্যে জয়ের সংস্কৃতি গড়ে তুলতে খেলাটির ব্যাপারে অভিজ্ঞতা, জ্ঞান ও আমার সার্বিক সাংগঠনিক দক্ষতা কাজে দেবে।”
“ওয়েস্ট ইন্ডিজে আমাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে। নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং আমাদের সবার লক্ষ্য অর্জন আমার দায়িত্ব ও মনোনিবেশ হবে।”
ভয়েস/আআ