রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবশেষ অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার। মিডল অর্ডার ব্যাটার অমিত হাসানের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্কোয়াডে ফিরেছেন জাকের আলি অনিক।
সাসমান ইসলাম দিনের পর দিন ব্যর্থ হওয়ার পরেও টিকে গেছেন। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, ফলে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারত নির্বাচকরা। সেক্ষেত্রে ইনজুরি থেকে ফেরা লিটন দাসকে বিশ্রাম দিয়ে অমিতকে চাইলেই খেলাতে পারত টিম ম্যানেজমেন্ট।
এ ছাড়া ইনজুরি থেকে ফিরে অস্ট্রেলিয়ায় দারুণ বল করেছেন শরিফুল ইসলাম। সাদা বলের নিয়মিত সদস্য হওয়ায় তাকেও এই টেস্টে বিশ্রাম দেওয়ার সুযোগ ছিল। সেক্ষেত্রে মুশফিক হাসানকে মূল স্কোয়াডে রেখে পরখ করে নেওয়া যেত। তিনি অতিরিক্ত হিসেবে যাচ্ছেন ওই টেস্টে।
অবশ্য অমিতের দল থেকে বাদ পড়ার ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। যদিও বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট জানতে পেরেছে, ভবিষ্যতে অমিতকে জাতীয় দলের ওপেনিংয়ে দেখতে চান নির্বাচকরা। সেই লক্ষ্যে আসন্ন লাল বলের এনসিএলে অমিত ওপেনিং পজিশনে ব্যাট করবেন।
এবারের আসরেও সিলেট বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করবেন অমিত। তবে ভেতর খবর– ওপেনিংয়ে সুবিধা করতে না পারলে আবারও নিজের পুরোনো পজিশন চার নম্বরে ফেরত যাবেন তিনি।
ভয়েস/আআ