বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ ২০ বছর পর রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। ক্ষমতা দখলের পর ১৭ দিন চলে গেলেও এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীটি।
তবে এরই মধ্যে সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে তালেবান। তারই অংশ হিসেবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তুরস্ককে অনুরোধ করেছে সংগঠনটি।
এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবান যে অনুরোধ করেছে সে বিষয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আঙ্কারা।
তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বরের পরে কোন ধরনের নীতি গ্রহণ করা হয় তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ।
৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। এরপর আফগানিস্তান সম্পর্কে আমেরিকা এবং ন্যাটো জোট কী সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করছে তুরস্কের ভূমিকা।
শুক্রবার (২৭ আগস্ট) বসনিয়া-হার্জেগোভিনা যাত্রার আগ মুহূর্তে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান আরও বলেন, কাবুল বিমানবন্দর পরিচালনায় সহযোগিতা শুরুর আগে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় সেখানে যে ধরনের ঝুঁকি তৈরি হবে তা ব্যাখ্যা করা মুশকিল।
ভয়েস / জেইউ।