সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছেন। সুপার-৭৫ নিজেকেও রেখেছেন তার একাদশে। অধিনায়কত্বের দায়িত্বে আছেন মহেন্দ্র সিং ধোনি।
ওপেনিংয়ে সাকিবের একাদশে আছেন কিংবদন্তী শচীন টেন্ডুল্কার ও পাকিস্তানের সাঈদ আনোয়ার। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেললেও সাকিবের একাদশে ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের জায়গা হয়েছে তিনে আর চারে আছেন সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।
পাঁচ নম্বরে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। অনেক বিশ্লেষকের মতেই ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার ক্যালিস। এরপর ছয় নম্বরে আছেন ক্যাপ্টেন কুল ধোনি। ক্রিকেট বিশ্বে সবচেয়ে সফল অধিনায়কদ ধোনি উইকেটকিপিং আর বিগ হিটিংয়েও বেশ পারদর্শী। সাকিবের একাদশে তাই অধিনায়কত্বের পাশাপাশি কিপিংয়ের দায়িত্বেও থাকছেন তিনি।
সাত নম্বর পজিশনে থাকছেন সাকিব নিজেই, ব্যাটে-বলে বাংলাদেশে অসংখ্য ম্যাচ জেতানো সাকিব প্রজন্মের সেরাদের একজন। পরিপূর্ণ অলরাউন্ডারের ভূমিকাতেই অনায়াসে জায়গা তিনি এমনিতেই পান। তাই নিজেকে তার সেরা ওয়ানডে একাদশে রাখা নিয়ে বিতর্কের বিন্দুমাত্র অবকাশ নেই।
স্পিনার হিসেবে দুই গ্রেট শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন আর অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন জায়গা পেয়েছেন। একাদশের বাকি দুই সদস্য দুইজন পেসার ওয়াসিম আকরাম আর গ্লেন ম্যাকগ্রা। সুইংয়ের জন্য দারুণ বিখ্যাত ছিলেন ওয়াসিম আর ম্যাকগ্রার ছিল নিখুঁত অ্যাক্যুরেসি।
সাকিবের সর্বকালের সেরা একাদশ: শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা।
ভয়েস/ জেইউ।