রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রুশ সেনাবাহিনী সংখ্যাগত সুবিধা রয়েছে:জেলনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় সেভেরোদনেস্ক রণাঙ্গনে তুমুল লড়াই চলছে। তবে তিনি স্বীকার করেছেন, রুশ সেনাবাহিনীর সংখ্যাগত সুবিধা রয়েছে। জাতির উদ্দেশে দেওয়া সর্বশেষ ভাষণে জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, পাল্টা লড়াই চালিয়ে যাওয়ার সব সুযোগ রয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর এবং তারা দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি মনে করেন রুশ সেনারা বিশাল শিল্পকেন্দ্র জাপোরিজ্জিয়া শহর দখল করতে চায়। এর ফলে রুশ সেনারা মধ্যাঞ্চলীয় এলাকাগুলোর দিকে এগোতে পারবে।

তুমুল লড়াইয়ের মধ্যে রুশ সেনারা সেভেরোদনেস্কতে তাণ্ডব অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তাদের মতে, খেরসন অঞ্চলে ইউক্রেনের একটি হেলিকপ্টার শত্রুদের একটি ক্লাস্টার আটকে দিয়েছে। শত্রুরা ২০ জনের বেশি সেনা ও ১০ ইউনিট সামরিক সরঞ্জাম হারিয়েছে।

লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর সেরহি হাইদাই টেলিগ্রামে জানিয়েছেন, শত্রুরা সেভেরোদনেস্কতে আক্রমণ অব্যাহত রেখেছে, লড়াই চলছে। নভোখতিরকা ও ভরোনোভে রুশ আক্রমণ প্রতিহত করা হয়েছে। বিলোরহরিভকাতে শত্রুরা নাশকতা ও অনুসন্ধানী গোষ্ঠীকে কাজে লাগাচ্ছে।

আজভস্টলে নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তর শুরু করেছে রাশিয়া। মারিউপোলে মস্কোর আক্রমণের বিরুদ্ধে এই বিশাল কারখানাতেই ইউক্রেনীয়রা সর্বশেষ ঘাঁটি গড়েছিল। কিয়েভের কাছে কয়েক ডজন মরদেহ হস্তান্তর করা হয়েছে। এগুলো শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

দখলকৃত মারিউপোলে রুশ কর্মকর্তারা দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লকডাউন করেছেন। সম্ভাব্য কলেরা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাপোরিজ্জিয়াতে রাশিয়ার দখলকৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক আনবিক জ্বালানি সংস্থার (আইএইএ) প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনার সমালোচনা করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় আণবিক কোম্পানি এনারগোয়াটম।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা দফতরের দৈনিক পর্যালোচনায় বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ দিক থেকে সেভেরোদনেস্ককে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে রাশিয়া। দক্ষিণের পপাসনা অঞ্চলে মে মাস ধরে সাফল্য পাচ্ছে রুশ সেনারা। তবে গত সপ্তাহে তাদের অগ্রগতি কমে গেছে। ইজিউমে ভারী গোলাবর্ষণ ইঙ্গিত দিচ্ছে তারা উত্তর অক্ষে তাদের প্রয়াস জোরদার করতে যাচ্ছে।
জাতিসংঘের যৌন সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের মতে, ইউক্রেনে যৌন সহিংসতা ঘটছে এবং সেগুলোর কথা প্রকাশ্যে আসছে না। রুশ আক্রমণ মানবপাচার সংকটে রূপ নিচ্ছে। যুদ্ধ থেকে পালানো নারী ও শিশুরা মানবপাচার ও নিপীড়নের শিকার হচ্ছে।

ইউক্রেনের নৌবাহিনী দাবি করেছে, কৃষ্ণ সাগর উপকূলে তারা রাশিয়ার যুদ্ধজাহাজের একটি বহরকে পিছু হটতে বাধ্য করেছে।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যুদ্ধে প্রস্তুতির প্রশিক্ষণ অনুশীলন শুরু করেছে দেশটির সশস্ত্রবাহিনী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনাস্থা ভোটে জয়ী হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতার জন্য তিনি জনসনকে ধন্যবাদ জানিয়েছেন।

ফিজির একটি আদালত রুশ মালিকানাধীন প্রমোদতরী আমাদিয়াকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটি থেকে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছে। জব্দের পর এটির রক্ষণাবেক্ষণের ব্যয় দেশটির জন্য অপচয় বলে উল্লেখ করেছে আদালত।

সোমবার ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল অভিযোগ করেছেন, রাশিয়া খাদ্য সরবরাহকে উন্নয়নশীল দেশের বিরুদ্ধে একটি গোপন ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। বৈশ্বিক খাদ্য সংকট বৃদ্ধির জন্য ক্রেমলিনকে তিনি দায়ী করেছেন। এর ফলে নিরাপত্তা কাউন্সিলের বৈঠক থেকে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ওয়াকআউট করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকে বলেছেন, ইউক্রেনের রফতানিযোগ্য খাদ্যশস্য চুরি করে নিজেদের মুনাফার জন্য রাশিয়া বিক্রি করছে বলে গ্রহণযোগ্য খবর পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ইউক্রেনের ফসল রফতানির সক্ষমতার ওপর একটি আঘাত। এটি বৈশ্বিক খাদ্য সংকটকে আরও খারাপের দিকে নিয়ে গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION