রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিনজো আবের উপর হামলা আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার সকালে পশ্চিমের নারা জেলায় এক নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে গুলি করা হয়।
শিনজো আবের হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। ওই বন্দুকধারী নিকটবর্তী একটি ভবনে অবস্থান করছিলেন।
পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা চারপাশের এলাকা ঘিরে ফেলেন। ভবন থেকে নেমে আসা বন্দুকধারীকে গ্রেফতার করা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর। জাপানের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী নৌবাহিনীর সাবেক সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা চালানোর কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। তবে বন্দুকধারী ইয়ামাগামি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা না করায় ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ থাকতে পারে।
শিনজো আবে জাপানের সাম্প্রতিক সময়ের রাজনীতিতে সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব। প্রায় আট বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি এবং এখন ক্ষমতাসীন এলডিপির সবচেয়ে বড় উপদলের নেতৃত্ব তিনি দিচ্ছেন। সূত্র: সিএনএন
ভয়েস/জেইউ।