রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কালের কণ্ঠ অনলাইনে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদনে কপাল ফিরেছে কক্সবাজারের রামুর হতদরিদ্র কৃষক নুর আহমদের। গত ১৯ অক্টোবর আকস্মিক বজ্রপাতে তিনটি গরু ও একটি ছাগল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন কৃষক নুর আহমদ। ঋণের টাকায় কেনা গরু ও ছাগল হারিয়ে নুর আহমদ কেবল বিলাপ করছিলেন।
বজ্রপাতে গরু হারানো কৃষক নুর আহমদের সেই ঘটনা নিয়ে দৈনিক কালের কণ্ঠ অনলাইনে ওই দিনই (১৯ অক্টোবর) ‘মৃত গরুগুলো জড়িয়ে ধরে কেবল বিলাপ করছেন তিনি’ শিরোনামে একটি সচিত্র মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়, যার প্রতিবেদক ছিলেন সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ।
সেই প্রতিবেদন পড়ে লন্ডনে বসবাসকারী এক বাংলাদেশি ব্যবসায়ী নুর আহমদের সহায়তায় এগিয়ে আসেন।
মোহাম্মদ নামের লন্ডন প্রবাসী ওই ব্যবসায়ী সিলেটের বাসিন্দা। তিনি সরাসরি কালের কণ্ঠের এই প্রতিনিধির সাথে যোগাযোগের মাধ্যমে কৃষক নুর আহমদের ব্যাংক হিসাবে এক লাখ টাকা পাঠিয়ে দেন। গত সোমবার কৃষক নুর আহমদ তার ব্যাংক হিসাবে এ টাকা পেয়ে বুধবারই স্থানীয় খরুলিয়া বাজার থেকে দুটি গরু কিনে নেন।
বুধবার ক্রয় করা দুটি গাভীর মধ্যে একটি গাভীর গর্ভে বাচ্চা রয়েছে জানিয়ে নুর আহমদ কালের বলেন, আমি তিনটি গরু হারিয়ে আরো তিনটি পেয়েছি। ৭০ হাজার টাকায় গরু দুটি কিনেছি। সহায়তা থেকে ঋণের কিস্তি পরিশোধ করব। কালের কণ্ঠের প্রতিবেদনে আমার ভাগ্য খুলেছে। এজন্য কালের কণ্ঠ ও লন্ডন প্রবাসীর নিকট আমি কৃতজ্ঞ।
হতদরিদ্র কৃষক নুর আহমদের নিজের কোনো জায়গা জমি নেই। সামান্য জমি বর্গা নিয়ে চাষ করেন। তাও গরুর খড়ের জন্য জমি চাষ দেন। দিনমজুরি করে কোনরকমে দিন কাটান। ভাগ্য বদলাবার আশায় তিনি দুটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনটি বাছুর ও একটি ছাগল কেনেন। এগুলোকে তার সন্তানের মতো করে লালন-পালন করেছিলেন তিনি।
এসব গরু-ছাগল মোটাতাজা করে বিক্রির স্বপ্ন দেখেছিলেন তিনি। নতুন করে আবারো গরুর বাচ্চা কিনে মোটাতাজা করবেন। এভাবে তিনি দারিদ্রতা থেকে স্বচ্ছল মানুষ হিসাবে নিজের পায়ে দাঁড়াবেন। এরকম কতইনা স্বপ্ন তিনি দেখতেন। কিন্তু গত ১৯ অক্টোবর বিকাল ৩টার দিকে আকস্মিক বজ্রপাতে তার স্বপ্ন খান খান হয়ে যায়। কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল দরগাহপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। গরু ও ছাগল গোয়ালঘরেই বাঁধা ছিল। এ সময়েই আকস্মিক বজ্রপাতে তিনটি গরু, একটি ছাগল এবং একটি মুরগি মারা যায়। দারিদ্রতা থেকে স্বচ্ছল হবার সেই স্বপ্ন মুহূর্তেই উবে গেছে হতভাগা নুর আহমদের।
চার সন্তান এবং স্ত্রী নিয়ে নুর আহমেদর সংসার। প্রবাসীর টাকায় গরু দুটি কিনে তিনি আবার স্বপ্ন দেখছেন এগুলো মোটাতাজা করে বিক্রি করবেন। মুনাফার টাকায় ঋণ শোধ করবেন।
ভয়েস/জেইউ।