বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ সহ ৩ জনকে রিমান্ড বাকি ৪ জন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাং হেলাল উদ্দিন এ রায় দেন। এর আগে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে অভিযুক্ত ওসি প্রদীপকে কক্সবাজরে আনা হয়। ওসি প্রদীপ আদালতে আসার আধাঘণ্টা আগে হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত সহ ৬ জনকে কড়া প্রহরায় একই আদালতে আনা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) ৭ আসামি পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

মামলায় ওসি প্রদীপ ছাড়াও বাকি আসামিরা হলো, বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া। তাদের মধ্যে ওসি প্রদীপ অসুস্থতার কারণ দেখিয়ে আগেভাগে ছুটি নিয়ে আত্মগোপনে চট্টগ্রাম চলে গিয়েছিল।
মামলার ৮ নং আসামী এসআই টুটুল ও কনস্টেবল মোস্তফা আদালতে হাজির হননি।আসামী পক্ষের আইনজীবি মো: জাকারিয়া জানিয়েছেন, এ নামে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কোন পুলিশ সদস্য নেই।
এ সময় সরকার পক্ষে ছিলেন, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট ফরিদুল আলম ও এপিপি এ্যাডভোকেট সাঈদ হোসাইন।
আসামী পক্ষে জামিন আবেদন শুনানি করেন এ্যাডভোকেট মোং জাকারিয়া ও এ্যাডভোকেট রাখাল মিত্র।
প্রসঙ্গত, শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ। একইভাবে তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলিসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনায় বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটির শুনানিতে সন্তুষ্ট হয়ে তা ‘ট্রিট ফর এফায়ার’ হিসেবে আমলে নিতে টেকনাফ থানাকে আদেশ দেন আদালতের বিচারক। আদালতের নির্দেশে টেকনাফ থানায় মামলাটি রুজু হয়। দণ্ডবিধি ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থানায় মামলাটি রুজু করা হয়। মামলা নম্বর সিআর: ৯৪/২০২০ইং/টেকনাফ।
ভয়েস/আআ