রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
মাঠের বাইরে বল। থ্রো ইন করতে হাতে বল নিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডের একেবারে মুখের সামনে দাঁড়িয়ে বাধা দিতে চেষ্টা করলেন গনজালো তাপিয়া। ওই অবস্থাতেই থ্রো ইন নেওয়ার চেষ্টা করতে গিয়ে হালকা বল দিয়ে মুখে টোকা দিলেন মেসি, তারপর তাপিয়া হাত তুলে বাধা দেওয়ার পর একটু পেছনে যেতেই তার মুখে বল ছুড়লেন তিনি।
কিছুক্ষণের মধ্যে রেফারি এসে দুজনকেই দেখান হলুদ কার্ড। ভুক্তভোগী হয়েও কেন তাপিয়াকে কার্ড দেখতে হলো, আর সহিংস আচরণ করেও কেন লাল কার্ড মেসিকে দেখানো হলো না, এই প্রশ্নে বিভক্ত ফুটবলপ্রেমীরা। কেউ বলছেন, মেসি না হয়ে অন্য কেউ একই কাজ করলে তিনি সরাসরি লাল কার্ড দেখতেন।
কোনো খেলোয়াড় থ্রো ইন নেওয়ার সময় অন্য দলের প্রতিপক্ষ খেলোয়াড় টাচলাইন থেকে দুই মিটারের কম দূরত্বে অবস্থান করেন, থ্রোয়ারের সামনে দাঁড়ান এবং খেলা পুনরায় শুরু করতে বাধা দেন, তাহলে থ্রোয়ার বিরক্ত হয়ে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারলে কোন সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে? নিয়ম বলছে, উভয় খেলোয়াড়ই যথাযথ শৃঙ্খলামূলক শাস্তি পাবেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে অখেলোয়াড়োচিত আচরণের জন্য সতর্ক করা হবে হলুদ কার্ড দেখিয়ে। আর থ্রোয়ারকে অখেলোয়াড়োচিত আচরণের জন্য সতর্ক করা হবে, যদি বলটি বেপরোয়াভাবে ছুড়ে মারা হয়। অথবা সহিংস আচরণের জন্য বহিষ্কার করা হবে, যদি থ্রোয়ার অতিরিক্ত বল প্রয়োগ করেন। সেক্ষেত্রে মায়ামি অধিনায়ক বেপরোয়াভাবে বল ছুড়ে মারার শাস্তি পেয়েছেন। আর থ্রো ইনে বাধা দেওয়ার কারণে তাপিয়ার শাস্তিও যৌক্তিক।
মেসি লাল কার্ড পেলে বড় ধাক্কা খেত মায়ামি। কারণ প্লে অফে বেস্ট অব থ্রি সিরিজের প্রথম ম্যাচ তারা ৩-০ গোলে হেরেছে। তবে কলাম্বাস কোচ লরাঁ কোর্তোয়া বলেছেন, মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল। তিনি বলেন, ‘সবাই জানে ওটা হলুদ কার্ডের চেয়েও বেশি কিছু ছিল।’ মেজর লিগ সকারের এই ঘটনা পর্যবেক্ষণ করা উচিত কি না প্রশ্নে ক্রু কোচ যোগ করেছেন, পুরো পরিস্থিতি ‘দুঃখজনক’।
কলাম্বাসের হয়ে দুটি গোল করা তাপিয়া রেফারির সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেননি, ‘এটা খেলার অংশ। আমি জানি না এটা লাল কার্ড পাওয়ার মতো কিছু ছিল কি না। কিন্তু আমি তো রেফারি নই যে কিছু বলব। এটা ওখানেই থাক।’ ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে একই সুরে কথা বললেন মায়ামি কোচ কিলি গঞ্জালেজ, ‘পরিস্থিতি নিয়ে আমাকে ভাবতে হবে। কার্ড খুব বেশি পরিবর্তন আনেনি। রেফারি হলুদ কার্ড দেখিয়েছে, ব্যস। আমরা রেফারিকে দোষী বানাতে পারি না। মাঝেমধ্যে তারা ভুল করে, মাঝেমধ্যে তারা আমাদের কাউকে পছন্দ করে না, এটা মেনে নিতে হবে।’
ভয়েস/আআ