রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি অটোরিকশার চালককে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়।
রবিবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম অভিযান ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বিজিবির প্রাথমিক ধারণা, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
উদ্ধার হওয়া আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ এবং এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানও হয়নি।
রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ