শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নির্বাচন আয়োজন এরশাদের কায়দাকেও ছাড়িয়ে গেছে ইসি: সোহেল

ভয়েস নিউজ ডেস্ক:

নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশন এরশাদের স্বৈরাচারী শাসনামলের কায়দাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

রাজধানীর সায়েদাবাদ এলাকায় রবিবার দুপুরে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগকালে এক পথসভায় সোহেল বলেন, ‘এই সরকার যে গুণ্ডামির নির্বাচন করছে, স্বৈরাচার এরশাদের সময় আমরা এ ধরনের নির্বাচন দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে স্বৈরাচার এরশাদের কায়দায় এবং তার চেয়েও বেশি খারাপভাবে নির্বাচন চালু করেছে এই নির্বাচন কমিশন। এটি একটি অটিস্টিক কমিশন।

দীর্ঘদিন ধরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা গেলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোসিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর এ আসনের উপ নির্বাচনে ভোট হবে।

দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু। আর বিএনপির মনোনীত প্রার্থী এই আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ, যার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন সোহেল। বাংলাদেশে নির্বাচনের নামে তামাশা চলছে উল্লেখ করে সোহেল বলেন, আমরা কত অভিযোগ দিয়েছি কিন্তু উনারা চোখেও দেখে না, কানেও শোনে না। তারা লেভেল প্লেয়িং ফিল্ড এর অর্থ বুঝেন না। যারা তাদেরকে চেয়ারে বসিয়েছেন সেই সরকারি দলকে গুণ্ডামি, মাস্তানি ও ভোট ডাকাতি করতে দেয়া তাদের কাজ। প্রশাসনও সেই একই রাস্তায় হাঁটছে।

তিনি বলেন, আমরা ওই নির্বাচন কমিশনকে বলতে চাই আপনাদের বেতন দেয় জনগণ। জনগণের বেতন নিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। সাংবিধানিক পদে বসে জনগণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য আজ হোক বা কাল হোক আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এসময় নেতাকর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান সোহেল। বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ শরীরের সব রক্ত ঢেলে দেবেন। কিন্তু নির্বাচনের মাঠ ছেড়ে আপনারা কেউ চলে যাবেন না।

বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন, এ নির্বাচন বেগম খালেদা জিয়ার নির্বাচন, এই নির্বাচন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে এখান থেকেই আন্দোলনের ডাক দেব।

এর আগে বেলা ১২ টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করে সায়দাবাদ, ধলপুর নতুন রাস্তা, গোলাপবাগ স্টেডিয়াম মার্কেট, সায়দাবাদ বাস টার্মিনাল, সায়দাবাদ জনপদ মোড় হয়ে ৪৮ ও ৪৯ নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকা ঘুরে আবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি আতিকুল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ সাধারণ সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া নান্টু, প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন সর্দার, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, ডেমরা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম দেওয়ান, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সহ সম্পাদক হাফেজ মাহবুবসহ যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION