বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
‘ধর্ষণ ও নির্যাতন বিরোধী বাংলাদেশ’ ব্যানারে শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণবিরোধী সমাবেশ থেকে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। ভয়েস নিউজ ডেস্ক:
ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করে এই আইনের প্রয়োগ হলে দেশ ধর্ষণমুক্ত হবে বলে মনে করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
মন্ত্রিসভা সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের অনুমোদন দেওয়ার পর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিজের অভিমত তুলে ধরেন তিনি।
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় ক্ষোভ-বিক্ষোভ দেখে শাস্তি বাড়ানোর দাবি যেমন উঠেছে, তেমনি আইনের যথাযথ প্রয়োগের আহ্বানও আসছে।
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন আরেক ধাপ এগিয়ে গেল মন্তব্য করে ইন্দিরা বলেন, “আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এ দেশে ধর্ষণমুক্ত হবে।”
ধর্ষণের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করে মঙ্গলবার রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলে জানান মহিলা ও শিশ বিষয়ক প্রতিমন্ত্রী।
“সম্ভবত আগামী নভেম্বরে সংসদ অধিবেশন বসবে। তখন আমরা এটিকে আইনে পরিণত করার জন্য সংসদে বিল হিসেবে উপস্থাপন করব।”
প্রতিমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি নতুন যে সংশধনী আনা হয়েছে সেটা কাজ করবে। বিচারের দীর্ঘ প্রক্রিয়াটাও কমে আসবে বলে আশা করছি।”
এক প্রশ্নে ইন্দিরা বলেন, “আমি প্রায়ই একটা কথা বলে থাকি শুধু আইন বা সরকার দিয়ে সবকিছু করা সম্ভব হয় না। সরকারের সাথে সমাজের লিডারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাইলেই দেশ ধর্ষণমুক্ত হবে।”
আরেক প্রশ্নে তিনি বলেন, “ধর্ষক, ধর্ষকই। তার অন্য কোনো পরিচয় থাকতে পারে না। এখানে পরিবারেরও দায়িত্ব অনেক। ধর্ষক নিশ্চয় কোনো না কোনো মা-বাবার ছেলে। আমাদের সামাজিকভাবে ধর্ষকদের বয়কট করতে হবে।” সূত্র:বিডিনিউজ।
ভয়েস/জেইউ।