শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
টুইট আর উস্কানিতে সমর্থকদের তাণ্ডবের পর নিজ দলেই রোষানলে পড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলের ঘটনার আকস্মিকতায় তাঁর নেতৃত্ব নিয়ে রিপাবলিকান দলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের জানায়, পার্লামেন্টে হামলার প্রেক্ষিতে এরই মধ্যে পদত্যাগ করেছেন ট্রাম্পের একজন উপদেষ্টা। আরও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্ব থেকে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও শোনা যাচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চূড়ান্ত পরাজয় নিশ্চিত হবার পরপরই পদত্যাগপত্র জমা দেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ম্যাট পটিঞ্জার। ট্রাম্পের ডেপুটি ন্যাশনাল সিউকিউরিটি এডভাইজার পদে দায়িত্বে ছিলেন এই রিপাবলিকান নেতা। এছাড়াও বিশ্বস্ত সুত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, হোয়াইট হাউজের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার রবার্ট ওব্রেইন এবং ডেপুটি চিফ অব স্টাফ ক্রিস লিডেলও আজ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে ইলেক্টোরাল ভোট অনুযায়ী নতুন প্রেসিডেন্ট জো বাইডেন জয়যুক্ত হওয়ার পরই তাঁরা এ সিদ্ধান্ত নেন।
দ্য গার্ডিয়ান জানায়, জো বাইডেনের স্বীকৃতি অনুষ্ঠানের আগে ভক্তদের আন্দোলনে উসকে দেয়া ও নির্বাচনের ফল নিয়ে বারবার ভিত্তিহীন অভিযোগ তোলায় ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকজন রিপাবলিকান নেতার মতবিরোধ হয়। ট্রাম্পের ছয়জন ঘনিষ্ঠ দলীয় নেতা ছাড়াও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অধীনস্থ কর্মকর্তারা পর্যন্ত ক্যাপিটল হিলের হামলার নিন্দা জানিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন।
এদিকে, সংবিধানের ২৫তম সংশোধনী অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়ার আগেই ট্রাম্পকে রিপাবলিকান দল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা যায় কি না – সে প্রস্তাবও দিয়েছেন দলীয় নেতারা। এমনকি মার্কিন প্রেসিডেন্ট পদে ডনাল্ড ট্রাম্প যেন আর কখনো নির্বাচন করতে না পারেন সেজন্য তাঁকে অভিশংসনেরও প্রস্তাব দিয়েছেন অনেকে।
ভয়েস/জেইউ।