মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
নিজের প্রথম ম্যাচেই ঝলক। বৃহস্পতিবার টি-টেন লিগে দুর্দান্ত বোলিং করে দলকে জিতিয়েছিলেন পুনে ডেভিলসের বাংলাদেশি অধিনায়ক নাসির হোসেন। ২ ওভারে মাত্র ১৮ রান খরচ করে নিয়েছিলেন ৩ উইকেট।
তবে পরের দিনই মুদ্রার অপর পিঠ দেখে ফেললেন নাসির। কালান্দার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হারল তার দল পুনে ডেভিলস। ব্যাটিংয়ে সুযোগ না পেলেও বল করতে এসে বেদম মার খেলেন টাইগার অফস্পিনার। ১ ওভারে তিনি ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে ১০৭ রান তুলেছিল পুনে ডেভিলস। টম কোহলার কেডমোর ২৮ বলে খেলেন ৫৪ রানের ইনিংস। ২৪ বলে হার না মানা ৩৯ রান করেন দারুস রাসুলি।
জবাবে টম ব্যান্টনের ঝড়ো শুরুর পর দুই পাকিস্তানি শারজিল খান আর সোহেল আখতারের ব্যাটে চড়ে ১৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কালান্দার্স। ব্যান্টন ১৮ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৪৫ রান। শারজিল ১৩ বলে ২৮ আর সোহেল সমান বলে অপরাজিত থাকেন ৩৩ রানের ইনিংস খেলে।
আগের দিনের মতো দ্বিতীয় ওভারেই বল হাতে নিয়েছিলেন নাসির। কালান্দার্স ওপেনার টম ব্যান্টন তার ওই ওভারে দুটি করে চার-ছক্কা হাঁকিয়ে তুলে নেন ২১ রান।
ভয়েস/আআ