শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্র হরণ করেছে।
তিনি বলেন, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪০তম শাহাদাত বার্ষিকীতে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিয়েছি।
রবিবার পল্লবীর অনিক প্লাজার সামনে অসহায়, দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের আগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।
বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির জন্ম কোথায় তা জানার দরকার নেই, তার কর্ম ভালো। ক্যান্টনমেন্টে যদি বিএনপির জন্ম হয়ে থাকে তা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে। কিন্তু যারা বলেন তাদের চিন্তা ধারা এবং জন্ম কোথায়? দেশের মাটিতে নাকি ভিন দেশে-এটা জানা জরুরি।
‘কারণ, যারা শাসন করছে তারা দেশের জন্য নয়, দেশের জনগণের জন্য নয়। তারা হচ্ছে অন্য দেশের তরে’ যোগ করেন গয়েশ্বর।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্র হরণ করেছে। আর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই জাতিকে ঐক্যবদ্ধ করেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজ দেশে গণতন্ত্র নেই। একটি দেশের গণতন্ত্র না থাকলে সেদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেয়। তাই, আমাদেরকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’
জিয়াউর রহমানকে জাতির ‘ক্রান্তিকালের দূত’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘তিনি (জিয়াউর রহমান) স্বাধীনতার ঘোষণা দিয়ে চুপ করে থাকেননি। তিনি মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। রাষ্ট্রক্ষমতায় গিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি হচ্ছে আধুনিক বাংলাদেশের রূপকার।’
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন আমাদের নেতা বেগম খালেদা জিয়া। তিনি গত এক যুগের বেশি সময় পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন, কারাবন্দি হয়েছেন। এখনো কার্যত তিনি মুক্ত নন। তাই, তাকে সবাই মাদার অব ডেমোক্রেসি হিসেবে ডাকা হয়। সুত্র:দেশরুপান্তর।
ভয়েস/জেইউ।