সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের পরই শুরু হয়ে যাচ্ছে টি–২০ বিশ্বকাপ। বিশ্বকাপের কোন গ্রুপে কে? সেকথা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি। গ্রুপবিন্যাস অনুযায়ী, এবারের বিশ্বকাপে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। তবে বিশ্বকাপের মঞ্চে কবে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী? এবার সামনে এল সেই দিনক্ষণও।
আসন্ন টি–২০ বিশ্বকাপের সুপার–১২ রাউন্ডে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড এবং রশিদ খানের আফগানিস্তান। গ্রুপের বাকি দুটি দল উঠে আসবে বাছাই পর্ব থেকে।
সরকারিভাবে এখনও সূচি ঘোষণা করেনি আইসিসি। তবে সংবাদসংস্থা এএনআই এই বিষয়টির সঙ্গে যুক্ত এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে ২৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ওই আধিকারিক জানিয়েছেন, ‘চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ আগামী ২৪ অক্টোবর একে–অপরের মুখোমুখি হবে।’ তবে ভারতের বাকি ম্যাচগুলি কবে কবে? তা এখনও জানা যায়নি।
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই মেগা টুর্নামেন্ট। চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। এদিকে গতকালই মাস্কাটে বিশ্বকাপের নতুন ট্রফি উন্মোচন করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ।
ভয়েস/ জেইউ।