কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের নির্বাচন শান্তি পুর্নভাবে শুরু হয়েছে। আজ (৭ ফেব্রুয়ারি) এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ছয়জন চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টায় এই ইউনিয়নে নির্বাচন শুরু হয়। এখনো পর্যন্ত নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নিবার্চনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন পুরুষ ৪১ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জনসহ মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭ হাজার ৫শ ৫৮ জন নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহনকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী মাষ্টার এনামুল করিম (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাশি (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলী (চশমা), আব্দুস সামাদ (আনারস), সিরাজুল মোস্তফ (অটোরিকশা) ও রিয়ানুল ইসলাম মঈন (মোটর সাইকেল)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ কেন্দ্রে ৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে রয়েছে। এছাড়া ৩০ জন র্যাব, ১২ জন কোস্টগার্ড, ২০০ জন পুলিশ ও ২১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর প্রতিটি সদস্য কঠোর অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত, গেল বছরের ২৪ ডিসেম্বর এ ইউনিয়নের তফসিল করে নির্বাচন কমিশন। ১২ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এরপর ১৫ জানুয়ারি যাচাই বাছাই করা হয়। ২২ জানুয়ারি ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।