মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঐতিহাসিক ভেন্যু রাঙাতে চায় বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

২০০২ সাল থেকে বাংলাদেশ দল এখন পর্যন্ত চারবার দক্ষিণ আফ্রিকা সফর করেছে। কোনোবারই পোর্ট এলিজাবেথে খেলার সুযোগ হয়নি। এবার মুমিনুল হকের দল ১৩৩ বছরের পুরোনো এই ভেন্যুতে খেলার সুযোগ পাচ্ছে। আজ (শুক্রবার) পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

ডারবানের কিংসমিড ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ২২০ রানে হেরেছিল বাংলাদেশ। বড় ব্যবধানে হারলেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল সফরকারীরা। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হেলায় হারায়। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে আগের খেলা ৭ টেস্টে জয় তো দূরে থাক, ড্রয়ের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। অতীত পরিসংখ্যান পেছনে রেখে প্রোটিয়াদের বিপক্ষে বিরুদ্ধ কন্ডিশনে আরও একটি টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারবানে বেশ কিছু সেশন নিজেদের করে নেওয়া সফরকারীরা ঐতিহাসিক ভেন্যুতে কতটা ভালো করে, সেটাই দেখার।

অধিনায়ক মুমিনুল অবশ্য স্পষ্ট বলে দিয়েছেন জয়ের চিন্তা নিয়েই মাঠে নামছেন তারা, ‘অবশ্যই আমি জেতার জন্য খেলবো। প্রতি সেশন শতভাগ দিয়ে খেলবো। পুরো টেস্টে অন্তত ১২-১৩ সেশন কীভাবে জিততে পারি, সেই চিন্তা নিয়ে এগোতে চাই।’

মুমিনুল জয়ের কথা বললেও পোর্ট এলিজাবেথের টেস্টটি মোটেও সহজ হবে না। প্রতিপক্ষের পাশাপাশি এখানকার কন্ডিশনের চ্যালেঞ্জের সঙ্গেও লড়তে হবে— এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এ মাঠের বড় চ্যালেঞ্জ এখানকার বাতাস। দুপুর নাগাদ প্রবল বাতাস হওয়ায় সমস্যায় পড়তে হয় ক্রিকেটারদের। বিশেষ করে, বোলার ও ফিল্ডারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়।

কন্ডিশন নিয়ে বাংলাদেশের পেস বোলিং কোচ বলেছেন, ‘পোর্ট এলিজাবেথে একটি জিনিসের সঙ্গে মানিয়ে নিতে হবে, সেটা হলো এখানকার বাতাস। সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে এখানে প্রবল বাতাস হয়। দলের সঙ্গে আমরা সেটা নিয়ে আলাপ করেছি। উঁচু ক্যাচ নেওয়া এখানে অনেক স্কিলের ব্যাপার। তার জন্য বুঝতে হবে বাতাস কোন দিক থেকে আসছে। বিকেলের সময়টাতেও ৪০-৪৫ কিলোমিটার বেগে বাতাস আসে। এটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’

১৩৩ বছরের পুরনো এ মাঠে ১৯৯২ সালে প্রথমবার টেস্ট খেলেন ডোনাল্ড। তার বোলিং দাপটেই ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। এখানে এগিয়ে থাকতে হলে ভালো ফিল্ডিং করা জরুরি। ডোনাল্ড তাই সতর্ক করেছেন তার শিষ্যদের, ‘আমাদের ফিল্ডিংয়ে অনেক মনোযোগ দিতে হবে। উঁচু ক্যাচিংয়ে যেন সঠিক পজিশনে যাওয়া যায় দ্রুত। (ম্যাচে) কাউকে কঠিন কাজটি করতে হবে, বাতাসের সঙ্গে বোলিং করা। কাউকে বাতাসের সঙ্গে করতে হবে বোলিং, কাউকে বিরুদ্ধে। কাজটি তাই কঠিন হবে।’

পোর্ট এলিজাবেথের উইকেটও অনেকটা ডারবানের মতো। প্রথম ইনিংসে ৩০০-৪০০ রান হলেও দ্বিতীয় ইনিংস থেকে তা নিচের দিকে নামতে থাকে। প্রথম ইনিংসের গড় ৩০৯, চতুর্থ ইনিংসের গড় ১৫৯! চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হয়ে পড়ে ব্যাটারদের জন্য। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত যত টেস্ট হয়েছে, সবকটিতে কেউ না কেউ জিতেছে। তবে বাংলাদেশেনর জন্য অনুপ্রেরণা হতে পারে এখানে খেলা সর্বশষ দুই টেস্টে (শ্রীলঙ্কা ও ইংল্যান্ড) হেরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

পুরনো পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা নিলেও মাঠের লড়াইয়ে সেরাটা দিতে না পারলে জয়ের সুযোগ তৈরি হবে না। প্রথম টেস্টে অনেক ভুলের খেসারত দিতে হয়েছে মুমিনুলের দলকে। ডারবানে টসের সিদ্ধান্ত, দল সাজানো, রিভিউ, বাড়তি স্পিনার না নেওয়া থেকে শুরু করে অনেক সিদ্ধান্তই ছিল প্রশ্নবিদ্ধ। পোর্ট এলিজাবেথে স্পিনারদের কিছুটা ভূমিকা থাকে, পাশাপাশি এখানে প্রচুর বাতাস থাকে বলে দুই পেসারের সঙ্গে বাড়তি একজন স্পিনার খেলানো হতে পারে। সেক্ষেত্রে তাসকিন আহমেদের বদলে সুযোগ মিলতে পারে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। এছাড়া সুস্থ হয়ে তামিম ইকবাল ফেরার বাদ পড়তে যাচ্ছেন সাদমান ইসলাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION