বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই:ফখরুল

মীর্জা ফখরুল ইসলাম,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারের সীমাহীন ব্যর্থতায় অগ্নিকাণ্ডসহ দুর্যোগ-দুর্ঘটনার মাত্রা প্রতিদিনই বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের কাছে এ ভোটারবিহীন সরকারের কোনো জবাবদিহিতা নেই। তাই যত দুর্ঘটনাই ঘটুক, যত প্রাণহানির ঘটনাই ঘটুক, তারা চোখ বন্ধ করে রাখেন। মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই।

তিনি বলেন, প্রত্যেকটি ঘটনার সঙ্গে ক্ষমতাসীনরা কোনো না কোনোভাবে জড়িত। সরকার শুরু থেকেই দুর্ঘটনার সঠিক তদন্ত ও বিচার করলে এ ধরনের ঘটনা বার বার ঘটতো না।

রোববার (৫ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, বিস্ফোরণে এতগুলো মানুষের প্রাণ গেলো, এতগুলো মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছেন, এজন্য সরকার দায়ী। এ ঘটনা আবারও প্রমাণ করে, এই সরকার কতটা ব্যর্থ। বর্তমান সরকার উন্নয়নের কথা মুখে বললেও তারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আওয়ামী লীগকে আর ক্ষমতায় রাখা যায় না। বিতাড়িত করতে না পারলে এই দেশের গণতন্ত্র বিপন্ন হবে, এই দেশও বিপন্ন হবে।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি আহতদের সুচিকিৎসার জোর দাবি জানান।

এর আগে শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে ছড়িয়ে পড়ে আগুন। একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। ভেঙে পড়ে আশপাশের বাড়িঘরের জানালার কাচ।

সবশেষ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণে ৪২ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আট ফায়ার সার্ভিস কর্মী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION