EDITOR
- ১৫ জুন, ২০২২ /

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহন চলছে। প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। দুই ইউনিয়নের ৩২ টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল।
তিনি জানান, এ নির্বাচনে বড় মহেশখালী ইউনিয়নে ১৫ টি এবং কালারমারছড়া ইউনিয়নে ১৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসন কঠোর নজর দারীতে রয়েছেন।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন ও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই জানান, উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করতে দায়িত্বে রয়েছেন ১১ জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন র্যাব, ৩০ জন বিজিবি, ৪ শতাধিক পুলিশ ও ৬ শতাধিক আনসার বাহিনীর সদস্য। এ ছাড়াও ডিজিএফআই, এনএসআই সহ সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের কাছে রয়েছে বডি ক্যামরা।
এ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধ পরিকর বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান । তিনি মঙ্গলবার বিকালে মহেশখালী মডেল হাই স্কুল মাঠে ভোট গ্রহনে দায়িত্বরত পুলিশদের ব্রিফিং প্যারেডে বক্তব্যে বলেন, বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ভোট কেন্দ্রে কেউ আচরণ বিধি লংঘন করলে বা আইন-শৃঙ্খলা হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৭ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বড় মহেশখালী ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৩২৪৩০ জন।
অপরদিকে, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৭ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। কালারমারছড়া ইউনিয়নে মোট ভোটার ৩৬১১২ জন।
দুই ইউনিয়নের সাধারণ জনগণ প্রশাসনের কাছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তি পূর্ণ নির্বাচন আশা প্রকাশ করেছেন।
ভয়েস/আআ