মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি রোহিঙ্গা প্রত্যাবর্তন জাতিসংঘের মাধ্যমে  চায় 

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়েস নিউজ ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াটি জাতিসংঘের মধ্যস্থতায় এবং জাতিসংঘের মাধ্যমে বাস্তবায়িত হতে হবে বলে দাবি করেছে বিএনপি।

রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আসার পাঁচ বছর পূর্তির দিনে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের ব্যর্থতা দেশে মহা-সংকটের সৃষ্টি করেছে’ অভিযোগ করে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীরা নাগরিক হিসেবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে মিয়ানমারে ফিরতে চান। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার কক্সবাজার ক্যাম্প পরিদর্শনে গেলে তাকেও একই দাবি জানায় রোহিঙ্গারা। রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানের জন্য ‘‘নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবর্তন’’ নিশ্চিত করতে হবে।’

‘তাদের প্রত্যাবর্তনকে শুধু কাগুজে চুক্তিতে বন্দি না রেখে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তির কার্যকর প্রয়োগের পথে এগোতে হবে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা এবং বিশ্বশক্তিগুলোর স্ব-স্ব ভূমিকা সুনিশ্চিত করতে হবে। কার্যকর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের সীমাবদ্ধতার কথা উপলদ্ধি করাতে হবে। কিন্তু তার আগে মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘১২ লাখের বেশি রোহিঙ্গা জনগণের আবাসন ও খাদ্যের যোগান দেওয়া, স্যানিটারি ব্যবস্থাসহ পরিচ্ছন্নতা বিধান, স্বাস্থ্য পরিসেবা প্রদান, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গা সন্তানদের শিক্ষা ও বয়স্ক শিক্ষা ব্যবস্থা, বিনোদন, জীবনাচার ইত্যাদি বিষয় অত্যন্ত ব্যয়বহুল এবং দক্ষ ব্যবস্থাপনা নির্ভর এক মহাকর্মযজ্ঞ।’

তিনি জানান, করোনা পরবর্তী সংকটকালে বাংলাদেশের পক্ষে রোহিঙ্গাদের এ অতিরিক্ত বোঝা বহন করা রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসন প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন মির্জা ফখরুল। সমস্যা সমাধানে প্রস্তাব করে তিনি বলেন, ‘বাংলাদেশ ও রোহিঙ্গা শরনার্থীদের প্রতি আন্তর্জাতিক সংহতি এখন আগের চেয়ে বাড়ানো প্রয়োজন। ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো এবং আন্তর্জাতিক মহল আরও কার্যকরী ও ফলপ্রসূ চাপ না দিলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব নয়।’

‘এ জন্য বাংলাদেশ সরকারকে আরও জোরালো রাজনৈতিক তৎপরতার চালাতে হবে’ বলে দলের পক্ষ থেকে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিদেশ বিষয়ক কমিটির টিম লিডার আমির খসরু মাহমুদ চৌধুরী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION