মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারত সফরে ১৫৩ কিউসেক পানি ছাড়া আর কোনো অর্জন নেই: ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কুশিয়ারায় ১৫৩ কিউসেক পানি ছাড়া আর কোনো অর্জন নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন মির্জা ফখরুল।

এদিন জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।

ক্ষমতা ধরে রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে আওয়ামী লীগকে যেকোনো মূল্যে ক্ষমতায় রাখার জন্য বলেছেন। আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি। বিশ্বাস করি, গণতান্ত্রিক দেশসমূহ সারাবিশ্বের গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি, ভারত তাদের গণতন্ত্রের চরিত্র বজায় রাখবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের অর্জন ও প্রাপ্তি কী- এ প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কুশিয়ারাতে ১৫৩ কিউসেক পানি। এ ছাড়া কোনো দৃশ্যমান অর্জন দেখতে পাইনি। বরং দেখতে পাচ্ছি ভারতের সঙ্গে তাদের কাছ থেকে যানবাহন কেনার জন্য ৫০০ মিলিয়ন ডলারের একটা চুক্তি করা হয়েছে। আর বলা হয়েছে, সীমান্ত হত্যার বিরতি মানা হবে। কিন্তু যেদিন এই কথা বলা হয়েছে সেদিনই সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে, দুইজন নিখোঁজ রয়েছেন। এই হচ্ছে দৃশ্যমান প্রাপ্তি। আর দেখি অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে। উভয় দেশের মধ্যে ভালোবাসা-প্রেমের কথা জোরে জোরে বলা হচ্ছে।’

শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বাধা দেওয়া হবে না, সন্ত্রাস করলে প্রতিহত করা হবে- আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, সন্ত্রাসী কর্মকাণ্ডও করে না। বরং এই সরকার সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তবে একটি কথা স্পষ্ট, সন্ত্রাসের মধ্য দিয়ে কখনো টিকে থাকা যায় না।’

বিএনপি গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করছে দাবি করে মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লড়াইয়ে ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে সক্ষম হব।’

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে অভিযোগ করে ফখরুল ইসলাম বলেন, ‘তাদের দিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে, সেই আগের মতো অজ্ঞাতনামা গায়েবি মামলা দিচ্ছে। বাড়ি বাড়ি যাচ্ছে অত্যাচার করছে নির্যাতন করছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আজকে আমরা এমন একটি সময় অতিক্রম করছি যখন একটি ভয়াবহ ফ্যাসিবাদী সরকার মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। মিথ্যার মধ্য দিয়ে প্রতারণার মধ্য দিয়ে জনগণকে ভুল বুঝিয়ে বিশ্ব জনগণকে ভুল বুঝিয়ে তারা তাদের একদলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করবার জন্য আজকে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে।’

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION