মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ করলে সরকার গুলি চালায়:: খন্দকার মোশাররফ

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির কথা বলতে গেলে পাখির মতো গুলি চালিয়ে তারা হত্যা করে। তিনি বলেন, ‘জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন—এটা বিএনপির কিছু না, এটা জনগণের দাবি। তাদের দাবি তুলে ধরার কারণে এই হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার মিরপুরে শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ— সবাই একসঙ্গে হামলা করেছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা দিনের ভোট রাতে চুরি করা বিনা ভোটের সরকার বলে জনগণের প্রতি কোনও দায়িত্ববোধ নেই। এজন্যই এই সরকার একলাফে জ্বালানি তেলের দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি করে, পৃথিবীতে এমন কোনও নজির নেই।’

মোশাররফ বলেন, ‘এখন গণতন্ত্র নেই। আমেরিকা বাংলাদেশকে হাইব্রিড সরকারের দেশ বলেছে। এই সরকারের ক্ষমতায় থাকার লালসা থেকে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে।’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতারা আশ্বস্ত করেছেন—রাস্তায় না নেমে এই মহাসংকট থেকে উত্তরণ সম্ভব নয়।’

খন্দকার মোশাররফ বলেন, ‘যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। অর্থনীতিকে লুটপাট করে, ডাকাতি করে বিদেশে টাকা পাচার করেছে। জনগণের স্বার্থে তাদের পক্ষে অর্থনীতি চালনা করা সম্ভব নয়। সংবিধান লঙ্ঘন করে, গুম খুন করে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা তাদের পক্ষে সম্ভব নয়।’

জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভাটি আয়োজিত হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION