মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি গণতান্ত্রিক বিশ্বের সহযোগিতা চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা এখনও ফাইনাল খেলায় নামেননি। রাষ্ট্রীয় প্রশাসনে যারা আছেন, জনগণের পক্ষে থাকেন। আমাদের সঙ্গে মিছিল করার দরকার নেই। লুটেরা খুনি এই সরকারকে টিকিয়ে রাখার জন্য অতি উৎসাহ প্রকাশ করলে এর জবাব দিতে জনগণ বাধ্য হবে।’
বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর বিএনপির মিরপুর জোনের উদ্যোগে জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পুলিশের গুলিতে ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এ পর্যন্ত গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, তাদের কারও রক্ত বৃথা যেতে পারে না। অতীতে কারও রক্ত বৃথা যায়নি। রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, গণতন্ত্র এনেছি। রক্ত দিয়ে আমরা স্বাধীনতা রক্ষা করবো এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবো।’
দেশে শতকরা ৫ ভাগ পুলিশ খারাপ উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘পুলিশ সদস্যদের বলবো, আপনাদের ভুল বোঝানো হয়। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের চাকরি থাকবে না— এটা অত্যন্ত ভুল ধারণা। আমরা জানি, কোনটা ইচ্ছায় কোনটা অনিচ্ছায়। এই কাণ্ডজ্ঞান বিএনপির নেতাদের আছে। সবার তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাওয়া যাবে। আমাদের শত্রু ভাববেন না, আপনারা জনগণের পক্ষে আসেন। জনগণ আপনাদের সম্মান করবে। মনে করবেন না, জনগণ আপনাদের পোশাককে ভয় করে, তারা আপনাদের পোশাককে সম্মান করে।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন— বিএনপি নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, তাবিথ আউয়াল, বজলুল বাছিত আঞ্জু, নাজিম উদ্দিন আলম, আনোয়ারুজ্জামান আনোয়ার, রফিকুল আলম মজনু, মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, রাজীব আহসন, আবদুর রাজ্জাক প্রমুখ।
ভয়েস/জেইউ।