বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
পুড়া বাড়ির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে মুক্তিযোদ্ধাপুত্র কায়সার সোহেল। ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে শত্রুতামূলক ভাবে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুজাফর ছিদ্দিকীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল (রবিবার) বড় মহেশখালীর জাগিরাঘোনা এলাকায় এই বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
মুক্তিযোদ্ধা আবুজাফর ছিদ্দিকির সন্তান সরওয়ার কায়সার সোহেল জানান- গত ২০২০ সালের ২৪ জুন এই বাড়িতেই তার ছোট ভাই মনোয়ার কায়সার ছিদ্দিককে নির্মম ভাবে পিটিয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় সে সময় খুনের মামলা হওয়ার পর প্রধান আসামি মো. সিরাজ বিদেশে পালিয়ে গিয়ে বর্তমানে পলাতক রয়েছে। ১৬ আসামির মধ্যে মাত্র ১জন গ্রেফতার হয়ে জেল হাজাতে রয়েছে -বাকি ১৪ আসামি জামিনে মুক্ত আছে। কক্সবাজার জজ আদালতে বিচারাধীন এ হত্যা মামলাটির ধার্য্য তারিখ ছিলো আগামী ১৪ ফেব্রুয়ারি। এরইমধ্যে তাদের বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

মুক্তিযোদ্ধার এই সন্তান আরও জানান- তাদের পৈত্রিক বাড়ি কালারমার ছড়ার সোনারপাড়া এলাকায়, পড়ালেখা ও চাকরির সুবাদের তারা পৌর সদরের কাছাকাছি জাগিরাঘোনায় এই বাড়িটি করেছিলেন, এখানে আশপাশে কোনো আত্মীয়-স্বজন না থাকায় প্রতিবেশীরা প্রথম থেকেই তাদের সাথে শত্রুতামূলক আচরণ করতে থাকে। ভাই খুন হওয়ার পর মামলা হলে আসামিদের হুমকির মুখে তারা বাড়িছাড়া হয়ে পড়ে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়টি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তিনি মনে করেন- তার ভাই এর হত্যা মামলার আসামিরা জামিনে এসে ওই এলাকা থেকে তাদেরকে উচ্ছেদ করতে বাড়িটি পুড়িয়ে দেয়। আগুনে বাড়িটি ও বাড়ির আসবারপত্র সম্পূর্ণ পুড়ে যায়, খাসে পড়ে বাড়িটির মাটির দেয়ালও। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহেশখালী স্টেশনের দমকল কর্মীরা এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহেশখালী স্টেশনের স্টেশন মাস্টার পুলক সরকার জানান- আগুনের খবর পাওয়ার তাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িটি পুড়ে যায় বলে জানান তিনি।
ভয়েস/জেইউ।