উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আজ বুধবার দুপুর একটার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্টের এ ব্লকে হঠাৎ করে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। আধাঘন্টা ধরে চলা এই সংঘর্ষে উক্ত ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং আব্দুল খালেকের পুত্র আবুল ফয়েজ (৮) গুলিবিদ্ধ হয়। তাদের প্রথমে উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান ক্যাম্পে আধিপত্য বিস্তার ঘটাতে নতুন করে দুটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। তারাই ক্যাম্পের উক্ত এলাকায় এই গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্হলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় এপিবিএন পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।