EDITOR
- ৫ মে, ২০২৩ /

ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় জমি বিরোধের জেরে ‘বাবাকে হত্যার ২৫ বছর পর’ মেয়েকেও কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত লুলু আল মারজান (৪০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার মৃত মমতাজ মিয়ার স্ত্রী।
তিনি ইউনিয়নটির গয়ালমারা এলাকায় বেসরকারি একটি সংস্থা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের কর্মি হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনদের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন ধরে লুলু আল মারজান এর পরিবারের সাথে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের পরিবারের লোকজনের মধ্যে জমির দখল-বেদখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জেরে বাড়ীতে মারজানকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে পালিয়ে যায়। এসময় তার শোর-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এসে মৃত অবস্থায় দেখতে পায়।
পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের রক্তাক্ত লাশটি উদ্ধার করেছে বলে জানান ওসি।
নিহতের ভাই মো. শফিউল্লাহ তুহিন বলেন, বৃহস্পতিবার রাতে লুলু আল মারজানের সন্তানের ঘরের একটি কক্ষে পড়ালেখা অবস্থায়। এসময় তার বোন রান্না ঘরে রাতের খাবার তৈরী করছিলেন। এক পর্যায়ে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে একদল দূর্বৃত্ত মারজানকে কুপিয়ে পালিয়ে যায়। এসময় শোর-চিৎকার শোনে স্বজনরা এগিয়ে আসলে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
গত ১৯৯৯ সালে বাবা মোহাম্মদ আলমগীরকে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছিল বলেও তথ্য দেন নিহতের এ ভাই।
শফিউল্লাহ তুহিন বলেন, জমি দখল-বেদখ নিয়ে তার পরিবারের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ জাহাঙ্গীরের পরিবারের মধ্যে কয়েক যুগ ধরে বিরোধ চলছে। এর জেরে তার বাবাকে প্রতিপক্ষের লোকজন খুন করেছিল। বৃহস্পতিবার রাতে ওই ঘটনার ২৫ বছর পর একই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার বোনকে কুপিয়ে খুন করেছে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
ভয়েস/আআ