মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
চকরিয়ায় বাচ্চা হাতিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে এ মামলা করেন খুটাখালী বনবিট কর্মকর্তা মুবিনুল হক। মামলায় অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গুলি করে হাতি হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
বনবিভাগ সূত্রমতে, গত শুক্রবার রাতে খুটাখালী বনবিটের কেশখোলা নামক এলাকায় ৯ বছর বয়সী একটি বাচ্চা বন্যহাতি আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বনবিভাগকে খবর দেয়। পরদিন (শনিবার) সকালে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রাণী চিকিৎসক দিয়ে হাতিটির চিকিৎসা দেন। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাতিটি।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার বলেন, মৃত হাতিটির ময়নাতদন্ত করা হয়। তদন্ত রিপোর্টে জানা যায় হাতিটি গুলিতে মারা গেছে। এরপর মামলা করা হয়। পুলিশের পাশাপাশি আমরাও খুনিকে শনাক্তে কাজ করছি।
ভয়েস/জেইউ।