মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় বড় ভেওলায় সালিসী বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক পলাতক

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় স্থানীয় এক সালিসী বৈঠকে ইউপি মেম্বারের সামনে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন(৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনার পর পরই ঘাতক পালিয়ে যায়।

শনিবার (২৪ জুন) রাত ১২টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন একই এলাকার মো. আবু তাহের প্রকাশ লেদুর ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, বিগত ৬ মাস পূর্বে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা করে কামড় বসিয়ে দেয়। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিস বিচারের মাধ্যমে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই জরিমানার টাকা নিয়ে একই এলাকার এনামের ছেলে আয়াছ আনোয়ার হোসেনকে এক কামড়ে ১০ হাজার টাকা এ ধরনের উস্কানিমূলক কথা বলে তাকে ক্ষেপায়। এক পর্যায়ে এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদকে আনোয়ার হোসেন বিচার দেন। শনিবার রাত ১২টার দিকে স্থানীয় দরবেশকাটা বাজারে একটি কামারের দোকানের সামনে বসে এই বিষয়ে বিচার চলছিল। এক পর্যায়ে আয়াজ কামারের দোকান থেকে ছুরি নিয়ে আনোয়ার হোসেনের পিঠে ছুরিকাঘাত করে ও লোহার রড নিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, স্থানীয় সুলতান মেম্বারকে বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল জব্বার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION