EDITOR
- ১৮ জুলাই, ২০২৩ /

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং দরগাহ গেইটের কাছে যাত্রীবাহী একটি বাসের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৬ জন।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭ টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, আজ সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ী দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকটি হঠাৎ শ্লো হয়ে পড়লে পেছন দিক থেকে প্রচন্ড ধাক্কা দেয় দ্রুতগামী বাসটি। এতে বাসে থাকা ২ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছে।
তাৎক্ষণিক নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও হতাহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া নিহত ব্যক্তির নাম টিপু সোলতান (২২)। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে। তার বাবা জামাল কক্সবাজারে বাবুর্চির কাজ করেন। বাবাকে কাজে সহায়তা করতেন ছেলে টিপু সোলতান। নিহত অপরজনের পরিচয় উদঘাটনের চেষ্টা করছেন জানিয়ে হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, গুরুতর আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ী দুটি।
ভয়েস/আআ