রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ নারী আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের লেজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত নারী টেকনাফ সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড লেজির পাড়ার হাফিজ উল্লাহর স্ত্রী রুজিনা আক্তার (৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লেজিরপাড়া এলাকার জনৈক মৃত অলি আহমদের বসতঘরের ভিতর কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টাকালে এক মহিলা মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব এবং অপর এক মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি উল্লেখিত বাড়িটি তাদের নিজেদের বলে জানায় ও উক্ত বসতঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও বসতঘর তল্লাশি করে খাটের নিচে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে সর্বমোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং পলাতক মাদক কারবারি সম্পর্কে ভাই-বোন। তারা বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানাবিধ অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ/বিক্রয় করে আসছে। মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজের হেফাজতে বসতঘরে মজুদ করে এবং পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছিল বলে জানায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION