রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
‘‘বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে আগমন করেছেন রহমত স্বরূপ। তাঁর শিক্ষা ও আদর্শ বিশ্ব মানবতার জন্য অপরিহার্য ও অনুকরণীয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৫ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শাহীন ইমরান এ কথা বলেন।
তিনি আরো বলেন হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শে আমাদের জীবনকে পরিচালিত করতে পারলে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি পরকালেও মুক্তি লাভ করা সম্ভব। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ—পরিচালক ফাহমিদা বেগম এর সভাপতিত্ব ও সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আবুল ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠেয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সরওয়ার আকবর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ড. নুরুল আবছার, জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী। এ সময় বক্তারা ইসলামের সঠিক ব্যাখ্যা করা এবং প্রিয় নবীজির আদর্শে নিজেদেরকে পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখার জন্য উপস্থিত ইমাম—খতিবদের প্রতি আহবান জানান।
এতে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার ফিল্ড অফিসার মোঃ ফজল করিম ও মাস্টার ট্রেইনার আমান উল্লাহসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ইসলাম প্রিয় অনেক নারী—পুরুষ উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।