বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
টেকনাফের হোয়াইক্যংয়ে অনুষ্ঠিত হয়েছে বাল্যবিয়ে ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ। গত ১৯ ও ২০ জুলাই বিশ জন নারীকে নিয়ে ‘নিরাপদ অভিবাসন, মানবপাচার, চোরাচালান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিয়ের সাথে মানবপাচারের সম্পর্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে এই প্রশিক্ষণ হোয়াইক্যংস্থ বিটা’র প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি, উইনরক ইন্টারন্যাশনাল ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) এর আয়োজনে ‘বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পারসনস (বিসিটিআইপি) প্রোগ্রামে’র আওতায় অনুষ্ঠিত।
উক্ত প্রশিক্ষণে আলোচকবৃন্দ বলেন-মানবপাচার দেশে ও বিদেশে যেকোন স্থানেই ঘটতে পারে। এজন্য সচেতনতা তৈরি হবে ঘর থেকে, সমাজের মানুষ সচেতন হলে দেশ তথা রাষ্ট্রের উন্নয়ন হবে। একজন নারী যদি সচেতন হয় তাহলে পরিবার হবে নিরাপদ। ২ দিনের প্রশিক্ষণে মানব পাচার, অভিবাসন ও মানব চোরাচালানের মধ্যে পার্থক্য, অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারী ও বেসরকারী সংস্থার সেবা, মানব পাচার ঘটনায় অধিকার লঙ্ঘন, সার্থক অভিবাসনে বাধাসমূহ ও বিবেচ্য বিষয়, বাল্যবিবাহ ও বাল্যবিবাহ নিরোধ আইন, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল ইত্যাদি বিষয় সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। দুইদিনের প্রশিক্ষক হিসেবে বিটার প্রকল্প সমন্বয়কারী সুমন সেন, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ও কমিউনিকেশন অফিসার মাহমুদল হক জিহাদ ও কাউন্সিলর ফারজানা আক্তার তাপসী প্রশিক্ষক প্রশিক্ষণ পরিচালনা করেন।
ভয়েস/আআ