বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফের ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে সাত জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ২টার দিকে নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে দুটি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম। সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল ফয়েজ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে নাফ নদীতে মাছ ধরতে যান ওসব জেলে। দুপুরে ফেরার পথে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমরা খুবই গরিব মানুষ। স্বামী না ফিরলে আমাদের পরিবার অনাহারে থাকবে। তাকে দ্রুত ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছি।’

নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, ‘আমার নৌকা নিয়ে চার জেলে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে তাদের নিয়ে গেছে আরাকান আর্মি। তারা সবাই দরিদ্র জেলে। দ্রুত তাদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ‘জেলে ও নৌকার মালিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি। ওসব জেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION