মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বলতে গেলে হাত থেকে বেরিয়েই গিয়েছিল ম্যাচটা। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাটে জয়ের দিকেই হাঁটছিল অস্ট্রেলিয়া। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
শুক্রবার রাতে সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকেরা। টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬২ রান করেছিল ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া থামে ৬ উইকেটে ১৬০ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ৯ উইকেট হাতে নিয়ে ৩৮ বলে ৩৯ রানের প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ১৫তম ওভারে স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আদিল রশিদ।
একপর্যায়ে অতিথিদের সামনে শেষ ওভারে ১৫ রানের সমীকরণ দাঁড়ায়। টম কারেনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে মার্কাস স্টয়নিস নাটক জমিয়ে তোলেন। শেষ বলে দরকার পড়ে ৫ রান। তবে কারেনের দুর্দান্ত ইয়র্কারে ২ রানেই সন্তুষ্ট থাকতে হয় অজিদের।
ভয়েস/আআ