শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নোবিপ্রবি শব্দকুটিরের সভাপতি জসিম, সম্পাদক শান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৃষি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত রায়। জসিম উদ্দিন জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের নোবিপ্রবি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ফরাদিন পারভেজ ও ওশানোগ্রাফি বিভাগের মো. শফিউল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাহবুবুর ইসলাম মিলি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন একই বিভাগের সুমাইয়া ইসলাম সারা। ‎এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের মেহরাজ হোসেন রাজু এবং দপ্তর সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের মারুফ হোসেন।

উচ্চারণ ও আবৃত্তি বিভাগের প্রধান হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের আবৃতা গুপ্ত। উপস্থাপনা, অনুষ্ঠান ও প্রশিক্ষণ বিভাগের প্রধান হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অর্পিতা পৌদ্দার অর্পণ। লেখালেখি, সম্পাদনা ও প্রকাশনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের মাজেদা বেগম এবং প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান হয়েছেন ইইই বিভাগের মো. মহি উদ্দিন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন—ঋতুপূর্ণা মণ্ডল (শিক্ষা), হাসিবুর রহমান সরকার (এসিসিই), বুশরা আক্তার দীপালী (সমাজকর্ম), মীর মুনতাসীর (অনুজীব বিজ্ঞান), সামিয়া জাহান (সমাজবিজ্ঞান), বিশাখা চৌধুরী তমা (ইইই), সাকিলা আক্তার (বাংলা), মেহেদী হাসান ইমন (বিজিই), ইমতিয়াজ হোসেন সায়েম (ব্যবসায় প্রশাসন), আব্দুল হাই (বাংলা) ও ইয়াসিন আরাফাত (শিক্ষা)।

নতুন সভাপতি জসিম উদ্দিন বলেন, শব্দকুটিরের সঙ্গে আমার পথচলা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই। সাহিত্যচর্চাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। আমি সবসময় একজন শ্রোতা হতে চেয়েছি। কিন্তু আজ শব্দকুটির আমাকে যে দায়িত্ব ও জায়গা দিয়েছে, তার গুরুত্ব আমি অনুভব করি। একা এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। সাহিত্যপ্রেমীদের ভালোবাসা ও সহযোগিতা পেলে শব্দকুটিরকে আরও এগিয়ে নিতে পারব। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চার যে দূরত্ব এবং প্রশাসনের সঙ্গে যে কিছুটা ব্যবধান রয়েছে, তা কমিয়ে সাহিত্যের মেলবন্ধন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাব।

তিনি আরও বলেন, বিগত দুই বছর সদ্যবিদায়ী সভাপতি মুজতাবা ফয়সাল নাঈম ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তাঁর নেতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতা আমার জন্য অনেক বড় পাওয়া। সংগঠনের একটি ভঙ্গুর অবস্থা থেকে তিনি আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে এসেছেন। তাঁর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে শব্দকুটিরের প্রতিটি সদস্যের শ্রম ও ত্যাগের প্রতিও আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতা নিয়ে আমরা শব্দকুটিরকে আরও সমৃদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

সাধারণ সম্পাদক শান্ত রায় বলেন, আমাকে সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব দেওয়ায় বিগত কমিটি ও অ্যালামনাই কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের পূর্ববর্তী সব গঠনমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও সুদূরপ্রসারী করাই হবে আমাদের মূল লক্ষ্য। সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।

নতুন কমিটির নেতৃত্বে সাহিত্যচর্চা, লেখালেখি, আবৃত্তি, উপস্থাপনা, প্রকাশনা ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনটির সদস্যরা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতার চর্চা বাড়াতে ‘শব্দকুটির’ নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি বার্ষিক সাহিত্য ম্যাগাজিন, একুশে বইমেলা, সাহিত্য আড্ডা, পাঠচক্র, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে।

ভয়েস/আআ/সূত্র: প্রতিদিনের বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION