সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি ও তাদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি।
তিন দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে এসে রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাজ করা বিভিন্ন মানবিক সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন। সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং সহায়তা কার্যক্রমের ওপর।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (FCDO)-এর আমন্ত্রণে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরে রয়েছেন ডাচেস সোফি। সফরের শুরুতে তিনি ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
কক্সবাজার সফরকালে ডাচেস অব এডিনবরা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম, নারী ও শিশুদের জন্য নেওয়া উদ্যোগ, কমিউনিটি নেতৃত্ব বিকাশ এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনমূলক কার্যক্রম সম্পর্কে জানবেন।
রোহিঙ্গা সংকট বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট হিসেবে বিবেচিত। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন। এসব ক্যাম্পে আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন সংস্থা খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুরক্ষা ও মানবিক সহায়তা দিয়ে আসছে।
ডাচেস সোফির এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মনোযোগ আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস অব এডিনবরা সোফি। এবার তাঁর সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের পাশে থাকা মানবিক উদ্যোগগুলো সরেজমিনে দেখা এবং বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া।
ভয়েস/আআ