শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ২৬ সেপ্টেম্বরের সেই অনুষ্ঠানে স্বাস্থ্যবিধির তোয়াক্কা ছিল না। ছবি: রয়টার্স ভয়েস নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আলোচনার কেন্দ্রে এখন হোয়াইট হাউজের এক সপ্তাহ আগের এক অনুষ্ঠান।
সুপ্রিম কোর্টে বিচারক কনি ব্যারেটকে মনোনয়নের ঘোষণা দিয়ে গত শনিবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এই অনুষ্ঠান হয়েছিল।
সেই অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার পর এখন সমালোচনার ঝড় বইছে সেই আয়োজন নিয়ে, যাকে বিপজ্জনকও আখ্যায়িত করা হচ্ছে।
কোভিড-১৯ মহামারীর শুরু থেকে ট্রাম্প এ নিয়ে হেসে-খেলে উড়িয়ে দিচ্ছিলেন, যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যুর পরও ওই অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি পালনের বালাই ছিল না।
ট্রাম্পসহ উপস্থিত সেনেটর, অতিথিদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। তারা বসেছিলেনও গা ঘেঁষাঘেষি করে।
প্রেসিডেন্ট ও ফার্সটলেডির পর শুক্রবার ট্রাম্পের সাবেক উপদেষ্টা কেলিয়ান কনওয়েরও কোভিড-১৯ পজিটিভ এসেছে। ওই অনুষ্ঠানে ফার্সটলেডি মেলানিয়া ট্রাম্পের ঠিক পেছনেই বসেছিলেন কনওয়ে।
অনুষ্ঠানে থাকা উটাহয়ের সেনেটর মাইক লি এবং নর্থ ক্যারোলাইনার সেনেটর টম টিলিসেরও সংক্রমণ ধরা পড়েছে।
সেদিন সাতজন রিপাবলিকান সেনেটর এক সারিতে বসেছিলেন। তার মধ্যে মাইক লির মুখে মাস্ক ছিল না। অনুষ্ঠান শেষে বিভিন্ন জনের সঙ্গে তার আলিঙ্গনাবদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
ওই অনুষ্ঠানে থাকা আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে খবর দিয়েছে বিবিসি। সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন বলে খবর এসেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে।
এরপর থেকে রোজ গার্ডেনের ওই অনুষ্ঠান আয়োজনে হোয়াইট হাউজের দায়িত্বশীলতা নিয়ে সমালোচনা চলছে। সূত্র: বিডিনিউজ।
ভয়েস/জেইউ।