মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
এক ঝাঁক তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বুধবার থেকে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দলটি। এরপর রয়েছে দুটি টেস্ট। করোনা বিরতি কাটিয়ে এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। যাদের বিপক্ষে লড়াই শুরুর আগে টাইগারদের জন্য এক রকম সতর্কবার্তাই দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
উইন্ডিজ দলের নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক কিয়েরন পোলার্ডসহ ১০জন ক্রিকেটার করোনা শঙ্কায় বাংলাদেশে আসেননি। দু’জন আসেননি ব্যক্তিগত কারণে। এ ছাড়া বাংলাদেশে আসার আগে ও পরে দুজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে ছিটকে গেছেন।
সব মিলে এই ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তি নিয়ে প্রশ্ন থাকছেই। তবে পাইলট তারুণ্য নির্ভর ক্যারিবীয়দের বিপক্ষে সতর্ক থাকতে বললেন, ‘কোনো দলকেই ছোট করে দেখার কিছু নেই…। এটাও ঠিক, ব্যাকআপ খেলোয়াড় যারা আসছে, তারা কিন্তু মূল দলে খেলার জন্য সেরা চেষ্টাই করবে। তাই ছোট করে দেখার নেই।’
নিজের ফেইসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় পাইলট আরো বলেন, ‘আমার কাছে প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচ, প্রত্যেক খেলোয়াড়ের জন্য ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ। তাই গুরুত্ব দিয়ে এভাবেই দেখা উচিত। ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স যদি চিন্তা করা যায়, তাহলে দেশের পারফরম্যান্সটা আসবে।’
বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে গত বছর মার্চে। দীর্ঘ বিরতির প্রভাব শুরুতে কিছুটা পড়তেই পারে। পাইলট বলছেন, ‘এটা শুধু বাংলাদেশ দল নয়, অনেক দলই সমস্যায় পড়েছে। একটু হলেও সমস্যা হবে। রিদমে হয়তো সমস্যা হবে।’
‘বাংলাদেশ অনেক দিন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে জড়তা কাজ করবে। তারপরও আমি মনে করি, বাংলাদেশ দল সুন্দর একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ)। সেখানে কিন্তু নিজেরা ঝালিয়ে নিয়েছে। সব মিলে আমার মনে খুব বেশি সমস্যা হবে না।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে বিসিবি প্রেসিডেন্টস কাপও খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাই প্রস্তুতিটা খারপ হয়নি একেবারে। তবে ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যের কথা উল্লেখ করে পাইলট সেই দিকটায় দলকে মনোযোগী হতে পরামর্শ দিয়েছে।
ওয়ানেতে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাওয়া তামিম ইকবাল নেতৃত্বে ভালো করবেন বলেও বিশ্বাস পাইলটের।
ভয়েস/আআ