বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারের কারাগারে অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) আরও এক নেতা জাও মিয়াত লিনের মৃত্যু হয়েছে। আল-জাজিরা খবরে এ তথ্য জানায়।
খবরে জানা যায়, সোমবার (৮ মার্চ) রাতে সেনা বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার (৯ মার্চ) কারাবন্দি অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে কারাবন্দি অবস্থায় দুই জন এনএলডি নেতার মৃত্যু হয়েছে।
পরিবার ও দলীয় নেতাকর্মীদের দাবি, পুলিশের নির্যাতনে জাও মিয়াত লিনের মৃত্যু হয়েছে।
মিয়ানমারের রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরের রাজপথে নেমে বিক্ষোভ করছে হাজারো মানুষ। সক্রিয় রয়েছে জান্তা সরকারও। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস, জলকামান ব্যবহার করে দমনের চেষ্টায় আটক করা হচ্ছে বহু মানুষকে।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপরই দেশজুড়ে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভে শুরু করে মিয়ানমারের জনগণ। দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ-সহিংসতায় এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনেরও বেশি। আটক হয়েছেন হাজার খানেক আন্দোলনকারী।
সুত্র: দৈনিক জাগরণ।
ভয়েস/ জেইউ।