বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর গাড়ি চালিয়ে দিয়ে ৪ জনকে হত্যা করেছে এক যুবক। খবর রয়টার্স।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭৪ ও ৪৪ বছর বয়সী ২জন নারী, ১৫ বছরের এক কিশোরী ও ৪৬ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিবিসি জানায়, রাস্তা পার হওয়ার জন্য ওই মুসলিম পরিবারটি সড়কের পাশেই অপেক্ষা করছিলেন। এই সময় গাড়িটির চালক তাদের ওপর গাড়িটি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। স্থানীয় পুলিশ একে ‘পূর্ব-পরিকল্পিত’ হত্যাকাণ্ড বলে ধারনা করছেন।
পুলিশ জানায়, ওই ঘটনায় পরিবারটির সদস্য ৯ বছরের এক কিশোর বেঁচে আছে। তবে গুরুতর আহত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে হামলার ঘটনার পর একটি বিপণিবিতান থেকে নাথানিয়াল ভেল্টম্যান (২০) নামে এক কানাডীয় তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যার ৪টি এবং হত্যাচেষ্টার একটি অভিযোগ আনা হয়েছে। নাথানিয়াল অন্টারিওর লন্ডন শহরের বাসিন্দা।
গোয়েন্দা পুলিশের সুপারিনটেনডেন্ট পল রাইট বলেছেন, ‘প্রমাণ রয়েছে যে এটা পূর্ব–পরিকল্পিত হামলা। মুসলিম হওয়ার কারণে তাদের ওপর বিদ্বেষপ্রসূত হামলা করা হয়েছে বলে ধারণা। পুলিশ সম্ভাব্য সন্ত্রাসী হামলার অভিযোগও খতিয়ে দেখছে।’
ঘটনার পর এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও লন্ডন শহরের মেয়র গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখেছেন, “অন্টারিও প্রদেশের লন্ডনের খবর শুনে আমি মর্মাহত। গতকালের ঘৃণিত ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন, আমরা তাদের পাশে আছি। আমরা হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিরও পাশে আছি। তার জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সুস্থ হয়ে উঠলে তুমি আমাদের অন্তরে ঠাঁই পাবে।”
হামলার ঘটনার তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড টুইটারে লিখেছেন, “ঘৃণা ও ইসলামবিদ্বেষের কোনো স্থান অন্টারিওতে নেই।” সূত্র:দৈনিক জাগরণ।
ভয়েস/জেইউ।