সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
আগামী সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপ বাছাইপরবে দুইটি ম্যাচ খেলবে মিশর। এই দুই ম্যাচে ইংলিশ ক্লাব লিভারপুল তাদের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে তার নিজ দেশ মিশরের হয়ে খেলতে দেবে না।
৩ সেপ্টেম্বর মিশরের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা, ৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ গ্যাবন। এই সময়ে আন্তর্জাতিক বিরতি থাকা সত্ত্বেও সালাহকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে অলরেডরা।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই লিভারপুল এই পন্থা অবলম্বন করছে বলে জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের ভাষ্য, জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়ার ব্যাপারে আমরা ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। করোনাভাইরাসের এই সীমাবদ্ধতার ভেতর থেকে কীভাবে খেলোয়াড়দের নিয়ে আসা যায় তার পরিকল্পনা করছি। কিন্তু লিভারপুল আমাদের এক চিঠিতে দুঃখ প্রকাশ করে জানিয়েছে সালাহকে তারা এই বিরতিতে ছাড়তে পারবে না।
অ্যাসোসিয়েশন আরও জানায়, তারা করোনাভাইরাসের দোহাই দিয়ে আমাদের বুঝাতে চেষ্টা করেছে আমরা যেন কিছু মনে না করি। এখন সালাহকে ছাড়লে তার মাঠে ফেরায় লম্বা একটা বিরতি আসবে। কোয়ারেন্টাইন করতে হবে, মানসিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সালাহর এখন না আসাটাই ভাল মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। অন্য খেলোয়াড়দেরদের ক্ষেত্রেও নাকি তারা এমন নীতি অবলম্বন করছে।
গোল ডটকমের দেয়া তথ্য অবশ্য বলছে শুধু এবারই নয়, এমন করে বেশ কয়েকবার মিশরীয় ফরোয়ার্ডকে জাতীয় দলের হয়ে খেলতে দেয়নি লিভারপুল। সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকেও তাকে দেশে পাঠায়নি ইংলিশ ক্লাবটি। আবার সালাহও জাতীয় দলের হয়ে খেলতে আসলে বিতর্কে জড়ান।
ভয়েস/ জেইউ।