মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
টুইন টাওয়ার হামলার ২০তম বার্ষিকীর দিনই শপথ নিতে যাচ্ছে আফগানিস্তানের নতুন তালেবান সরকার। দলটির একাধিক সূত্রের বরাত দিয়ে ১১ সেপ্টেম্বর (শনিবার) শপথ গ্রহণের দিন ঠিক করার খবর জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।
শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান, ভারত এবং ইরানকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
কিন্তু এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে রাজধানী কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ৩৩ সদস্যের সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবানের নতুন সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে ‘কট্টরপন্থী’ হিসেবে পরিচিতদের।
তালেবান সদস্য ছাড়া আফগানিস্তানের অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী বা দলের নেতাদেরও এই সরকারে রাখা হয়নি। নেই কোনও নারী নেত্রীও। ফলে প্রশ্ন উঠেছে তালেবান কি আসলেই বদলে গেছে নাকি তারা ফের অতীতের রুপেই আবির্ভুত হবে?
২০০১ সালের এই দিনেই যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার ও সেনা সদর দফতর পেন্টাগনে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জন্য ইসলামি জঙ্গি সংগঠন আল কায়েদাকে দায়ী করে যুক্তরাষ্ট্র।
বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২৬০৬ জনসহ মোট ২৯৭৭ জন নিহত হয়েছিল ওই হামলায়। আহত হয়েছিল আরও ৬ হাজার মানুষ। বিবিসি।
ভয়েস/ জেইউ।