সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সেনাপ্রধানকে অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, গ্রেপ্তার ৮

ভয়েস নিউজ ডেস্ক:

অনাস্থা ভোটে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়ের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ে ‘অপপ্রচারের বিষয়ে’ সামরিক বাহিনীর ৭৯তম ফরমেশন কমান্ডারস কনফারেন্সে আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সম্মেলনে সভাপতিত্ব করেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া। খবর জিয়ো নিউজের।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাকিস্তান সেনাবাহিনীর মানহানি এবং সামরিক বাহিনী ও জনগণের মধ্যে বিভাজন তৈরিতে কিছু গোষ্ঠীর সাম্প্রতিক অপপ্রচারের বিষয়টি সম্মেলনে নোট আকারে নেওয়া হয়েছে।

আইএসপিআর বলছে, পেশাগত বিষয়াদি, জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ এবং প্রথাগত ও অপ্রথাগত হুমকি প্রতিরোধে নেওয়া পদক্ষেপের বিষয়ে সম্মেলনে অবহিত করা হয়। উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীগুলোর আভিযানিক প্রস্তুতি এবং পাল্টা ব্যবস্থার ধরন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেনাপ্রধান।

জাতীয় নিরাপত্তার বিষয়টি ‘অলঙ্ঘনীয়’ উল্লেখ করে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আরও বলেছে, ‘কোনো ধরনের ছাড় না দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুরক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সব সময় পাশে দাঁড়িয়েছে। যেকোনো মূল্যে সংবিধান ও আইনের শাসন বহাল রাখতে নেতৃত্বের সুচিন্তিত অবস্থানের প্রতি পরিপূর্ণ আস্থা জানিয়েছে ফোরাম।’

এদিকে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এরই অংশ হিসেবে গতকাল পাঞ্জাব প্রদেশ থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে কিছু বলছে না এফআইএ। তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা আসাদ উমর বলেছেন, দলের সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্টদের হয়রানির বিরুদ্ধে আদালতে যাবে পিটিআই। টুইটে তিনি বলেন, দলের সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্টদের হয়রানি চ্যালেঞ্জ করে একটি পিটিশন চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার হাইকোর্টে পিটিশনটি করা হবে।

জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই সেনাপ্রধানকে অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু হলে এফআইএ-এর সন্ত্রাসবিরোধী শাখা অভিযানে নামে।

গত রোববার থেকে টুইটারে টপ ট্রেন্ডিং ছিল সেনাবাহিনী, বিচার বিভাগ এবং নতুন সরকারের সমালোচনা করে দেওয়া হ্যাশট্যাগ। এসব হ্যাশট্যাগ ব্যবহারকারী টুইট গতকাল ৪৩ লাখে গিয়ে দাঁড়ায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION