সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে ‘পুলিশ পরিচয়ে’ দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয় বলে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের সহকারী সুপার (এএসপি) মো. মিজানুজ্জামান চৌধুরী জানান।
আটককৃতরা হলেন–কক্সবাজারের হোটেল সি-পার্ল-১-এর ম্যানেজার মোহাম্মদ দিদার ও কর্মচারী সালাউদ্দিন।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা ও নবগঠিত ঈদগাও উপজেলা সদরের বাজার এলাকা থেকে চট্টগ্রামের দুই পর্যটক অপহৃত হন। তারা হলেন চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকার বাসিন্দা মোহাম্মদ নাছিরের ছেলে নেওয়াজ নাছির (২৪) ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুল আইয়ুব (৪০)।
অপহরণের পর তাদের একটি আবাসিক হোটেলে জিম্মি করে নির্যাতন চালানো হয়। পরে মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগে পুলিশ তাদের উদ্ধার করে।
এএসপি মিজানুজ্জামান ভুক্তভোগী পর্যটকদের বরাতে বলেন, রবিবার ভোরে চট্টগ্রাম থেকে দুটি মোটরসাইকেলযোগে তারা কক্সবাজার বেড়াতে আসেন। ওই দিন সকাল সাড়ে ৮টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আলফা ওয়েব গেস্ট হাউসের ষষ্ঠ তলার স্পা সেন্টারে স্পা করাতে যান পর্যটক নুরুল আইয়ুব। তিনি সেখানে প্রায় ২ ঘণ্টা স্পা করান। সে সময় তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ হয় স্পা-কর্মীর। স্পা-কর্মী নুরুলের আয়-রোজগারসহ বিভিন্ন তথ্য জেনে নেন।
‘ওই দিন বিকাল ৪টায় দুই পর্যটক মোটরসাইকেলযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। নুরুল আইয়ুব কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে এসে চারজন তার গতিরোধ করে। পরে তাকে পুলিশ পরিচয় দিয়ে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। তাকে হোটেল সি-পার্ল-১-এর ৫-সি কক্ষে আটকে রাখা হয়। এদিকে মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে এগোতে থাকা পর্যটক নেওয়াজ নাছিরকে পেছন থেকে মোটরসাইকেলে তাড়া করে আরেক অপহরণকারী। নাছিরকে ঈদগাও উপজেলা সদর স্টেশনের কাছে গতিরোধ করে থামানো হয়। পরে আরও কয়েকজন অপহরণকারী যোগ দেয়। তারা নাছিরকেও পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে হোটেল সি-পার্লে আটকে রাখে।’
পুলিশ কর্মকর্তা মিজানুজ্জামান বলেন, অপহরণ করে আনা দুই পর্যটককে হোটেলে শারীরিক নির্যাতন করা হয়। পরে তারা নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানের মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। নাসরিনের কাছ থেকে চারটি বিকাশ নম্বরের মাধ্যমে আদায় করা হয় ১ লাখ ৯০ হাজার টাকা। অপহরণকারীরা টাকা নিয়ে দুই পর্যটককে হোটেলকক্ষের ভেতরে আটকে রেখে দরজা বন্ধ করে পালিয়ে যায়।
ঘটনাটি সোমবার রাত ২টায় নাসরিন ৯৯৯ নম্বরে অবহিত করলে ট্যুরিস্ট পুলিশের একটি দল দুই পর্যটককে উদ্ধার করে এবং হোটেলটির দুই কর্মচারীকে আটক করে বলে জানান সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান।
তিনি বলেন, অপহরণে ব্যবহৃত হয়েছে এই সন্দেহে মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল ওয়ার্ল্ড বে-এর পার্কিং ও ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সামনে থেকে দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। ভুক্তভোগী পর্যটকরা কক্সবাজার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।
ভয়েস/আআ