টেকনাফে শাহপরীরদ্বীপের কাছে নাফদনীর মোহনা এবং রঙ্গীখালী নাফ নদী সংলগ্ন খড়ের দ্বীপে পৃথক অভিযান চালিয়ে ৬ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ১৪ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৮৬ রাউন্ড গোলাবারুদ এবং মাদক উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত থেকে আজ মংগলবার সকাল পর্যন্ত ৯ ঘন্টা ধরে কোস্ট গার্ড টেকনাফ ও সেন্টমার্টিন্স স্টেশন টিম পৃথক এই অভিযান চালায়।
আজ মংগলবার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন জামান জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের সেন্টমার্টিন্স স্টেশনের একটি টিম নাফ নদীর মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে ধাওয়া করলে ট্রলারটি নাফ নদীর ভেতরে রংগীখালী এলাকায় বিচ্ছিন্ন খড়ের দ্বীপে ঢুকে পড়ে। এসময় কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের আরেকটি টহল টিম অভিযানে যোগ দেয়। পরে কোস্ট গার্ডের যৌথ টহল টিম ঐ দ্বীপে রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ জনকে গ্রেফতার করে। তারা সকলেই রোহিঙ্গা এবং টেকনাফ ও উখিয়ায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে তিনি জানান গ্রেফতার ডাকাত সদস্যদের দেয়া তথ্যমতে, খড়ের দ্বীপে প্যারাবনের মধ্যে চিরুণী অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ২ টি, একনলা বন্দুক ৩ টি, এলজি ২ টি, শর্ট গান ১ টি, দেশী পিস্তল ৬ টি, পিস্তলের ম্যাগাজিন ৪ টি, তাজা গোলা ৪৫০ রাউন্ড, ফাঁকা গোলা ৩৬ রাউন্ড, রামদা ৪ টি, ইয়াবা ২০,০০০ পিস, বিদেশী মদ ২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহৃত পোষাক ৭ সেট, হ্যান্ডকাফ ১ টি, ল্যান্ড ফোন ১ টি, বাটন মোবাইল ৪ টি জব্দ করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, দ্বীপটি টেকনাফ হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূণ্য হওয়ায় এই সুযোগটি কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র দীর্ঘদিন যাবত ডাকাতি, মাদকদ্রব্য ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিলো।
ভয়েস/আআ