শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৫) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশা (টমটম) চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছ তলায় এ ঘটনা ঘটে।
শহর ফুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিজান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে। তিনি গত ৫ বছর ধরে কক্সবাজার শহরে ভাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালিয়ে আসছেন।
ইনচার্জ মহিউর রহমান বলেন, ‘রাতে শহর হয়ে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক (টমটম)। সামনের সিটে চালকের পাশে বসে মোবাইল টিপছিল মিজান। এসময় উৎপেতে থাকা ছিনতাইকারীরা টমটমটি থামিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। পরে মিজান তাদের ধাওয়া করে পাশের গলি পর্যন্ত গেলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন জানান, শনিবার রাতে মিজান টমটম নিয়ে বাস টার্মিনালের গ্যারেজে ফিরছেলেন। রাত ১০ টার সময় বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি তা না দিতে চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ইজিবাইকচালক নুরুল করিম বলেন, ‘সন্ধ্যার পর এ রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাস খানেক আগে একজন ইজিবাইকের চালককে হাত-পা বেঁধে তার গাড়ি নিয়ে গেছে। তবে তিনি ভয়ে মামলা করতে চাচ্ছেন না। কারণ, থানায় অভিযোগ করার পর ছিনতাইকারীরা উল্টো নানাভাবে হয়রানি করে। তারা প্রভাবশালী একজন জনপ্রতিনিধির আশ্রয়ে থাকে।’
আরেকজন চালক আমির হোসেন বলেন, ‘সন্ধ্যা হলেই এ সড়কটি ছিনতাইকারীদের দখলে চলে যায়। সড়কটির পাশে তেমন জনবসতি নেই। পুলিশও নিয়মিত টহল দেয় না। ফলে দুর্বৃত্তরা নির্বিঘ্নে ছিনতাই করে পালিয়ে যায়। তবে এ বিষয়ে পুলিশের তেমন নজরদারি নেই। হয়রানির ভয়ে ভুক্তভোগীরাও পুলিশকে জানাতে চায় না।’
স্থানীয়রা জানান, এলাকাটিতে প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। পথরোধ করে অগ্নেয়াস্ত্র, চাপাতি ও ছুরি গলায় ধরে ভয় দেখিয়ে সব নিয়ে যায়। আবার সেসব অস্ত্র দিয়ে তারা হামলাও করে বসে। একটু অন্ধকার হলেই এই এলাকার ছোট বড় সবাই ভয়ে থাকে, কোন গলির মধ্যে দিয়ে যাওয়া কঠিন হয়ে যায়।
ভয়েস/জেইউ।