মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখে লা লিগায় নিজেদের ৩৪তম শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ যেখানে শিরোপা উৎসব করছিল সেখানে বেদনার সুর বাজছিল ক্যাম্প ন্যুতে।
প্রতিপক্ষের মাঠে বাজে সময় কাটানো বার্সেলোনা এবার ঘরের মাঠে হোঁচট খেয়েছে। বৃহস্পতিবার রাতে ওসাসুনা ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। অন্তিম মুহূর্তের গোলে আবারও পয়েন্টে হারিয়েছে কাতালানরা। নির্ধারিত সময় পর্যন্ত দুই দলের লড়াই ১-১ গোলে সমতায় ছিল। অতিরিক্ত সময়ের খেলায় কপাল পুড়ে মেসিদের। ৯৪ মিনিটে রবার্টো তোরেসের গোলে ওসাসুনা এগিয়ে যায়। তাতেই এবারের লিগের ষষ্ঠ পরাজয়ের তিক্ত স্বাদ নেয় বার্সেলোনা।
এর আগে ক্যাম্প ন্যুতে শুরুতেই বার্সেলোনা পিছিয়ে যায়। ম্যাচের ১৫তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার হোসে আরনাইস। ডিফেন্ডার এস্তপিনানের ক্রস থেকে বল পেয়ে ডানপায়ের জোরালো শটে গোল করেন আরনাইস। তার গোলে প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় ওসাসুনা।
দ্বিতীয়ার্ধে ফিরে গোল পেতে সময় নেয় বার্সেলোনা। ৬২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় বার্সেলোনা। বরাবরের মতো এবারও মেসি ছিলেন নিখুঁত। বামপায়ের বাঁকানো শটে ওসাসুনার গোলরক্ষককে দর্শক বানিয়ে রাখেন মেসি। লিগে এটি তার ২২তম গোল। এর চার মিনিট পরই মেসির বাড়ানো পাসে গোল করেছিলেন সুয়ারেজ। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল।
১-১ গোলের সমতায় দুই দলের খেলা এগিয়ে যায় শেষ মুহূর্তে। কিন্তু মেসিদের ভাগ্যে পয়েন্ট ভাগাভাগিও লিখা ছিল না। তাইতো ম্যাচের অতিরিক্ত মিনিটে গোল হজম করে পয়েন্ট হারায় কাতালানরা। কিকে বার্জার ক্রস থেকে তোরেস গোল করে ওসাসুনাকে জয় এনে দেন। ৩৭ ম্যাচে এটি ওসাসুনার ১৩তম জয়। অন্যদিকে বার্সেলোনা সমান ম্যাচে জয় পেয়েছে ২৪টি।
৭৯ পয়েন্ট নিয়ে মেসিরা আছেন টেবিলের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ হাতে রেখে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
ভয়েস/আআ