মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সেভিয়া। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো ম্যানইউ সেমিফাইনাল থেকে বিদায় নিলো। এর আগে এফএ কাপ ও কারাবাও কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ওলে গুনার শুলসারের শিষ্যরা।
রোববার (১৬ আগস্ট) রাতে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল ম্যানইউ। এ সময় মার্কাস রাশফোর্ডকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেস গোল করে এগিয়ে নেন রেড ডেভিলসদের।
অবশ্য বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ২৬ মিনিটে সেভিয়ার সুসো গোল করে সমতা ফেরান। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা শেষ হয়।
বিরতির পর ৭৮ মিনিটে এগিয়ে যায় স্পেনের ক্লাব সেভিয়া। এ সময় লুক দে জং গোল করে এগিয়ে নেন লা লিগার ক্লাবটিকে। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়। সেভিয়াকে পৌঁছে দেন ফাইনালে আর ম্যানইউকে ছিটকে দেন সেমিফাইনাল থেকে।
এর মধ্য দিয়ে চলতি মৌসুমে অন্তত একটি শিরোপা জয়ের যে আশাটুকু ছিল ইংলিশ ক্লাবটির সেটিও শেষ হয়ে গেল।
সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।